ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় চুরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক নাদির জুনায়েদের বাসায় গত শনিবার ভোরে চুরি হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নাদির জুনায়েদ বলেন, নিকুঞ্জ-১ আবাসিক এলাকার লেক রোডে তাঁর বাসা। শনিবার ভোরে তাঁর বাসার শয়নকক্ষ থেকে একটি ল্যাপটপ চুরি হয়। এতে অপ্রকাশিত লেখাসহ বিভিন্ন প্রয়োজনীয় দলিল ছিল।
ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ শব্দে তাঁর ঘুম ভেঙে গেলে তিনি দেখেন, এক যুবক তাঁর শয়নকক্ষের জানালা দিয়ে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন। আরেকজন বাড়ির নিচে ছিলেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
নাদির জুনায়েদ বলেন, সাত দিন আগে ওই এলাকায় পুলিশের সাবেক এক ডিআইজির বাসা থেকে পাখি চুরি হয়েছিল। পুলিশ সেই পাখি উদ্ধার করেছে। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে তাঁর ল্যাপটপ উদ্ধারের প্রতিশ্রুতি দিলেও ৪৮ ঘণ্টা পরও তিনি ল্যাপটপ পাননি।
খিলক্ষেত থানার ওসি শহীদুল হক বলেন, চুরির ঘটনায় গত রোববার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রিমান্ডে আছে।