বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী কোনো দল একুশে ফ্রেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান জানাতে এলে তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে কর্তৃপক্ষের প্রস্তুতিবিষয়ক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজক হওয়ায় পুরো বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। আর কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাই এবার একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলাসহ সব দিকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ক্রিকেট দল যদি শহীদ মিনারে সম্মান জানাতে চায়, তাহলে একটি নির্দিষ্ট সময়ে তাদের সে ব্যবস্থা করে দেওয়া হবে। ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। উপাচার্য বলেন, রাতের প্রথম প্রহরে প্রথম পর্যায়ে যথরীতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দ্বিতীয় পর্যায়ে ভাষাসৈনিকেরা, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশী সংস্থাগুলোর প্রধান, বাংলাদেশ সোনা, বিমান ও নৌবাহিনীর প্রধানেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাতীয় বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মকমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও ঢাকায় অবস্থিত বিদেশি ছাত্ররা ক্রমান্বয়ে শ্রদ্ধা জানাবেন। এবার একুশে ফেব্রুয়ারি উদ্যাপনের জন্য একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও ১১টি উপকমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহিদ আকতার হুসাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান, জনসংযোগ দফতরের পরিচালক আশরাফ আলী খান প্রমুখ।যাতায়াতের রুট-ম্যাপ: আগামীকাল সোমবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের একটি রুট-ম্যাপ তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমী, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের ফটক (গেট) দিয়ে কবরস্থানে ঢোকা যাবে। শহীদদের কবর জিয়ারতের পর কবরস্থানের দক্ষিণ দিকের প্রধান ফটক দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড়, সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যেতে হবে দর্শনার্থীদের।বিকল্প পথ হিসেবে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাঁয়ের রাস্তা দিয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন দর্শনার্থীরা। তা ছাড়া নিউমার্কেট ক্রসিং থেকে ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর ও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। চানখাঁরপুল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পেরিয়েও শহীদ মিনারে যাওয়া যাবে।আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার এলাকা থেকে বের হতে পারবেন দর্শনার্থীরা। তা ছাড়া চানখাঁরপুল হয়েও ওই এলাকা থেকে বের হওয়া যাবে। যেসব রাস্তা বন্ধ থাকবে: কর্তৃপক্ষ জানায়, টিএসসি থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিববাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা ওই দিন বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চানখাঁরপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তাও বন্ধ থাকবে।