ঢাকা মহানগর শিশু হাসপাতালে চিকিৎসক ও সেবিকা-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামোগত সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও জনবল-সংকটের কারণে ঢাকা মহানগর শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শল্য বিভাগের কার্যক্রম।হাসপাতালের প্রশাসন সূত্রে জানা গেছে, এই হাসপাতালে ২২টি চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু ১০টি পদই দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এর মধ্যে কনসালট্যান্ট পদ আছে ছয়টি। এর মধ্যে পাঁচটিই শূন্য। ৩৪ জন সেবিকা থাকার কথা। কিন্তু মেট্রনসহ কর্মরত আছেন মাত্র ১৩ জন। এ ছাড়া প্যাথলজি বিভাগে মেডিকেল টেকনোলজিস্টের ১২টি পদের মধ্যে মাত্র তিনটি পদে জনবল আছে।হাসপাতালের পরিচালক খালেকুজ্জামান আখতার প্রথম আলোকে বলেন, শ্যামলী শিশু হাসপাতালের চেয়ে এই হাসপাতালে রোগীর ভিড় বেশি। কিন্তু জনবল-সংকটের কারণে অনেক কিছুই করা সম্ভব হয় না।সংশ্লিষ্ট সূত্র জানায়, এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী আসে। মাত্র দুজন চিকিৎসক বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম চালান। আর জরুরি বিভাগে রোগী আসে প্রতিদিন গড়ে ৫০ জন।গতকাল সোমবার হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে ১২টি শয্যার সবগুলোতেই রোগী ভর্তি আছে। এ ছাড়া মেডিসিন বিভাগের দুটি ইউনিটে ৩৪টি শয্যা থাকলেও রোগী ভর্তি রয়েছে ৩৬ জন। এদের মধ্যে দুজন রোগী আছে কেবিনে ভর্তি। হাসপাতালের দ্বিতীয় তলায় অস্ত্রোপচারের কক্ষটি তালাবদ্ধ দেখা যায়।জরুরি বিভাগের একজন সেবিকা জানান, প্রাপ্তবয়স্ক একজন রোগীকে ওষুধ খাওয়ানোর ব্যাপারে মুখে বললেই হয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে তা হয় না। একজন শিশুকে ইনজেকশন দিতে কমপক্ষে দুজন সেবিকার প্রয়োজন। কিন্তু এখানে কর্মরত থাকেন একজন। ফলে আয়া ও অন্য লোকজনের সহায়তায় ইনজেকশন দিতে হয়।আরেক সেবিকা জানান, একজন সেবিকা দিয়ে জরুরি বিভাগ পরিচালনা করা হয়। এরপর বেলা আড়াইটার পর বহির্বিভাগের টিকিট বন্ধ হয়ে যায়। তখন জরুরি বিভাগের টিকিট বিক্রি, রোগী ভর্তি খাতায় লেখার কাজও সেবিকাদের করতে হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত পুরান ঢাকার লালবাগের গৌরসুন্দর রায় লেনে ১০০ শয্যার এই শিশু হাসপাতালটি পরিচালনা করে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।এ ব্যাপারে জানতে চাইলে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকা সিটি করপোরেশনে নিয়োগ বন্ধ রয়েছে। এ কারণে ওই হাসপাতালটিতেও চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রেষণে কয়েকজন চিকিৎসক ও সেবিকা নিয়োগ দেওয়ার ব্যাপারে কথা বলবেন বলে তিনি জানান।