ঢাকা মহানগরে নিবন্ধন চলছে
উৎসবের আগে আরেক উৎসব। গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় কৃতী শিক্ষার্থীদের উল্লাস আর হইচই এ কথারই জানান দিচ্ছিল। নিবন্ধনের জন্য কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কারও যেন এতটুকু ক্লান্তি নেই। সারা দেশে চলছে জিপি-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হবে আগামী ১৩ ও ১৪ জুলাই নন্দন পার্কে। এ জন্য গতকাল নিবন্ধন শুরু হয়েছে। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় কৃতী শিক্ষার্থীদের নিবন্ধন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন করা যাবে। গতকাল নিবন্ধনের প্রথম দিনে প্রায় পাঁচ হাজার অদম্য মেধাবী শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধন-কার্যক্রম পরিচালনা করছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। নিবন্ধন করতে হলে কৃতী শিক্ষার্থীদের প্রথম আলোয় ছাপা হওয়া নিবন্ধন ফরমটি কেটে কিংবা ফটোকপি পূরণ করে আনতে হবে। সঙ্গে ট্রান্সক্রিপ্টশিটের একটি ফটোকপি জমা দিতে হবে। আর ট্রান্সক্রিপ্টশিট, রেজিস্ট্রেশন কার্ড কিংবা প্রবেশপত্রের যেকোনোটির মূল কপি দেখাতে হবে। কৃতী শিক্ষার্থীদের অনুষ্ঠানের দিন ঢাকা থেকে নন্দন পার্কে নিয়ে যাওয়ার বাস থাকবে। তবে শিক্ষার্থীরা ইচ্ছা করলে পরিবারের সঙ্গে নিজ দায়িত্বেও যেতে পারবে।