ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মাজদাইরের যুবক জুবায়েরের (২৩) দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। গত ২৬ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা তাঁর দেহে একটি কিডনি প্রতিস্থাপন করেন। জুবায়ের এখন সুস্থ হয়ে উঠছেন।গতকাল বৃহস্পতিবার হাসপাতালের সভাকক্ষে এ নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বলেন, প্রথমবারের মতো এই হাসপাতালে সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এতে জুবায়েরের খরচ হয়েছে ৩৫ হাজার টাকা।গতকাল জুবায়ের হেঁটে সম্মেলন কক্ষে উপস্থিত হন। তিনি বলেন, আগে শুনেছিলেন, ঢাকা মেডিকেলে চিকিত্সা পাওয়া যায় না। এখন এই হাসপাতাল সম্পর্কে তাঁর ধারণা পাল্টে গেছে। তিনি বলেন, তাঁর শরীরে কোনো সমস্যা নেই। তিনি স্বাভাবিক চলাফেরা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত জুবায়েরের মা-বাবা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিত্সকেরা জানান, গত ২৬ ফেব্রুয়ারি কিডনির সমস্যা নিয়ে জুবায়ের এই হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর ধরা পড়ে, তাঁর দুটি কিডনি নষ্ট। গতকাল জুবায়েরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।