ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভুয়া’ সাংবাদিক আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল বৃহস্পতিবার হামিদুর রহমান (৪৫) নামের এক ‘ভুয়া’ সাংবাদিককে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি নূরুন্নাহার নামের এক নারী রোগীর সহায়তায় হামিদুরকে আটক করা হয়। নূরুন্নাহার সাংবাদিকদের জানান, গত শনিবার তিনি হাসপাতালে ভর্তি হন। গত রোববার তিনি যমজ সন্তানের জন্ম দেন। পরে হাসপাতালের চিকিৎসক তাঁকে ১০৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে হামিদুর ওই ওয়ার্ডে ঢোকেন এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর কাছে জানতে চান। একপর্যায়ে হামিদুর তাঁর এক সন্তানকে ধরতে গেলে তিনি সন্তানকে সরিয়ে নেন। পরে কৌশলে তাঁর মুঠোফোন নিয়ে হামিদুর সটকে পড়েন। নূরুন্নাহার বলেন, গতকাল বেলা ১১টার দিকে হামিদুর ওই ওয়ার্ডে আবারও ঢোকেন। তিনি চিৎকার দিলে কর্তব্যরত সেবিকা ও কর্মচারীরা হামিদুরকে আটক করে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। পরে হামিদুরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।