ঢাকা মেডিকেল: ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দীপালি আকতার (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টা ১৮ মিনিটে হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল ১২ জনে।
দীপালি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার রিয়াজ উদ্দিনের মেয়ে। তিনি স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্বামীর সঙ্গে রাজধানীর বনশ্রী এলাকায় থাকতেন দীপালি। তাঁর স্বামীর নাম মো. কামাল হোসেন।
দীপালির মারা যাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন। দীপালি গত ১ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও জানান তিনি।