ঢাকা মেডিকেল থেকে চিকিৎসকের ক্লিনিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিৎসার কথা বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন চিকিৎসকদের কেউ কেউ। কিন্তু সেখানেও চিকিৎসা হচ্ছে না। তবে টাকা নিয়ে রোগী ছেড়ে দেওয়ার সময় পরামর্শ দেওয়া হচ্ছে পরবর্তী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যোগাযোগ করতে। এমন পরিস্থিতির শিকার যশোরের মেহেদী হাসান রাজু (২২)। রাজুর আত্মীয়রা গতকাল শনিবার প্রথম আলোকে জানান, ১৩ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় জ্ঞান হারান রাজু। যশোরের চিকিৎসকেরা অপারগতা প্রকাশ করলে তাঁকে ১৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৫ এপ্রিল ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান এহসান মাহমুদের কথায় আত্মীয়রা রাজুকে ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি করান। কাগজপত্রে দেখা যায়, এহসান মাহমুদের অধীন ওই বেসরকারি হাসপাতালে রাজুকে ভর্তি করানো হয়। গতকাল ওই হাসপাতাল থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, এহসান মাহমুদ ওই হাসপাতালের মালিকদের একজন।গতকাল বেলা একটায় ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, রাজু ঘুমিয়ে আছেন। তাঁর হাত-পা বিছানার সঙ্গে বাঁধা। কারণ জানতে চাইলে রাজুর চাচা বলেন, ঘুম ভাঙলেই হাত-পা ছোড়াছুড়ি করবে। তাই চিকিৎসকেরা এই ব্যবস্থা করেছেন। তবে তিনিসহ অন্য আত্মীয়রা অভিযোগ করেন, গত ১২ দিনে রাজুর অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকেরা নিয়মিত আসেন না। এখানে থাকলে রাজু মারা যাবে। তাঁরা অন্য হাসপাতালে রোগী স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছেন।বেলা পৌনে দুইটায় ঢাকা মেডিকেলে এহসান মাহমুদকে তাঁর কক্ষে পাওয়া যায়নি। পিয়ন বলেন, ‘স্যার চলে গেছেন।’ হাতে চিকিৎসকের ভিজিটিং কার্ড দিয়ে সন্ধ্যার পর মেডিনোভায় যাওয়ার পরামর্শ দেন। মুঠোফোনে যোগাযোগ করলে এহসান মাহমুদ বলেন, ‘রোগীর এর চেয়ে আর ভালো চিকিৎসা নেই। রোগী চাইলে বাড়ি যেতে পারে।’গতকাল সন্ধ্যার আগেই আত্মীয়রা রাজুকে নিয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের রসিদে দেখা যায়, মোট খরচ হয়েছে এক লাখ ৪৭ হাজার ৭৬৫ টাকা। এর মধ্যে এহসান মাহমুদসহ অন্য চিকিৎসকদের ফি ৩৯ হাজার টাকা।ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের ছাড়পত্রে নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, ‘পরবর্তী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে যোগাযোগ করবেন।’