ঢাকা মেডিকেল প্রাঙ্গণে চালু হচ্ছে আরেকটি হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ৬০০ শয্যার আরেকটি হাসপাতাল চালু হচ্ছে। এর নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণ আধুনিকীকরণ প্রকল্প।সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওটি কমপ্লেক্স’ ভবনের পশ্চিম-উত্তর দিকে ১০ তলা নতুন এ ভবনের অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে। আধুনিকীকরণ প্রকল্পের পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে। অভ্যন্তরীণ কাজ বাকি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, ২০০১ সালের ১৮ এপ্রিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতাল প্রাঙ্গণে ৬০০ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এর নাম রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণ আধুনিকীকরণ প্রকল্প। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটি নিয়ন্ত্রণ করবেন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হাসপাতালের বেশ কয়েকটি বিভাগকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং কয়েকটি নতুন বিভাগ চালু করতে এ প্রকল্প নেওয়া হয়। ২০১১ সালে ঢাকা মেডিকেলে প্রস্তাবিত নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। এর আগে একাধিক রাজনৈতিক দলের মদদপুষ্ট চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ নির্মাণের জন্য প্রস্তাবিত প্রায় পাঁচ একর জমি দখল করে সাত শতাধিক ঘর তুলে ভাড়া-বাণিজ্য চালিয়ে আসছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাসপাতাল কর্তৃপক্ষ এসব ঘর উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করে।হাসপাতালের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) প্রধান ভবনে অবস্থিত মেডিসিন, নিউরো মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন/ফিজিওথেরাপি, অ্যান্ড্রোক্রাইনোলজি, হেমাটোলজি, নেফ্রোলজি, রেডিওলজি, সাইকিয়াট্রি, পেডিয়াট্রিকস, গ্যাস্ট্রো-এন্টারোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও প্যাথলজি বিভাগ অপূর্ণাঙ্গ অবস্থায় আছে। হাসপাতালের নতুন ভবনে এসব বিভাগ স্থানান্তর করে এর সুযোগ-সুবিধা বাড়ানো হবে।প্রকল্প পরিচালক ইসমাইল হোসেন বলেন, ভবনটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। এই অর্থ দিয়ে ভবনের আধুনিকীকরণ, চিকিৎসা সরঞ্জাম-যন্ত্রপাতি কেনা হবে। নতুন ভবনে সর্বাধুনিক সব অস্ত্রোপচার কক্ষ ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চালু করা হবে। নতুন হাসপাতালের প্রতিটি বিভাগের সঙ্গে জরুরি বিভাগ ও পরীক্ষাগার (ল্যাবরেটরি) থাকবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন ভবনের সংশ্লিষ্ট বিভাগ থেকে রোগীরা কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাগুলো করাতে পারবেন। নতুন হাসপাতাল চালুর পর রোগীকে এখানেই উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। সে ক্ষেত্রে জটিল রোগের চিকিৎসা নিতে রোগীকে বিদেশে যেতে হবে না। তিনি বলেন, দেশে প্রথমবারের মতো এ হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হবে। এ জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ নিতেও বিদেশে পাঠানো হয়েছে, যন্ত্রপাতি কেনা হয়েছে। শিগগিরই ভবনটি চালু করে হাসপাতালে সমন্বিত উন্নত চিকিৎসা দেওয়া যাবে।পরিচালক আরও বলেন, বর্তমানে এক হাজার ৭০০ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই থেকে তিন গুণ রোগী থাকে। এদের অনেককেই মেঝেতে চিকিৎসা নিতে হয়। নতুন ভবন চালু হলে হাসপাতালে রোগীর চাপ কমে যাবে।