নারায়ণগঞ্জ শহরের গাবতলী নতুন বাজার এলাকার মেসে বিস্ফোরণে দগ্ধ আরও দুজন গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। তাঁরা হলেন মাদ্রাসার শিক্ষক আবুল হোসেন মোল্লা ও নির্মাণশ্রমিক সালাউদ্দিন। এর আগে গত শনিবার রাতে বার্ন ইউনিটে মারা যান জুয়েল খান (২৫)। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন। বার্ন ইউনিটি সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে পাঁচটায় মাদ্রাসার শিক্ষক আবুল হোসেন মোল্লা ও নির্মাণশ্রমিক সালাউদ্দিন মারা যান। এ ঘটনায় দগ্ধ দুই সহোদর কামাল ও রুবেল এবং বাচ্চু মিয়া চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। আবুল হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তিনি স্থানীয় বোখারী একাডেমি স্কুলে শিক্ষকতা করতেন। সালাউদ্দিনের (২৮) গ্রামের বাড়ি বরিশারের গৌরনদীর টেঙ্গারদী গ্রামে। সালাউদ্দিনের ছোট ভাই জুয়েল শনিবার রাতে মারা যান। গতকাল ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনেরা নিয়ে গেছেন। ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের গাবতলী নতুন বাজার এলাকায় একটি মেসবাড়িতে বিস্ফোরণ ঘটে।