ঢাকা মেডিকেলে ওষুধ চুরি, ওয়ার্ডবয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক ওয়ার্ডবয়কে আটকের পর পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। আটক হওয়া ওয়ার্ডবয়ের নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে কর্মরত।হাসপাতাল সূত্র জানায়, ২১০ নম্বর ওয়ার্ড থেকে সরকারি ওষুধ চুরি হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছিল। গতকাল নিশ্চিত তথ্য পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, উপপরিচালক মুশফিকুর রহিমসহ কর্মকর্তারা ওই ওয়ার্ডে তল্লাশি করেন। এ সময় ওয়ার্ডের একটি কক্ষ থেকে ওষুধসহ বয় নাসিরকে আটক করা হয়। নাসিরকে আটকের পর বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানানো হয়। পুলিশ হাসপাতালে গেলে ওষুধসহ ওয়ার্ডবয়কে তাদের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। এরপর পুলিশ জব্দ তালিকা তৈরি করে। তালিকা অনুযায়ী, ওই ব্যাগে হাসপাতালের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের চার ধরনের সরকারি ওষুধ ছিল। ওয়ার্ডমাস্টার বাবুল মিয়া এ নিয়ে লিখিত অভিযোগ দেন। হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহিম বলেন, ‘আমরা আরও গভীরে গিয়ে চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’