ঢাকা মেডিকেলে কর্মরত সাংবাদিক নিখোঁজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সাংবাদিক আওরঙ্গজেব সজীব (৪৮) গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, চাঁদপুরগামী একটি লঞ্চ থেকে তিনি নদীতে লাফিয়ে পড়েছেন বলে তাঁর ফোন থেকে সহকর্মীদের জানিয়েছেন লঞ্চেরই এক যাত্রী। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত আওরঙ্গজেবের দেহ পাওয়া যায়নি।
আওরঙ্গজেব বাংলাভিশন, ইনডিপেনডেন্ট টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি গণমাধ্যমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর বাসা পুরান ঢাকার বকশীবাজারে। তিনি এক ছেলে (১৮) ও এক মেয়ের (৩) বাবা।
তাঁর পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালে পরিবারের সঙ্গে নাশতা করে সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হয়েছিলেন আওরঙ্গজেব। এরপর সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেলটি রেখে তিনি বের হন। মোটরসাইকেলটি সেখানেই রয়েছে। এরপর থেকেই তিনি নিখোঁজ।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোর ঢাকা মেডিকেল প্রতিনিধি বুলবুল চৌধুরীর মুঠোফোনে আওরঙ্গজেবের নম্বর থেকে একটি কল আসে। আওরঙ্গজেবের ফোনটি দিয়ে কল করেছিলেন সাথী নামের এক লঞ্চযাত্রী। বুলবুল চৌধুরী বলেন, ফোন করে সাথী জিজ্ঞেস করেন এই নম্বরটি কার। বুলবুল জবাব দেন এটি তাঁর সহকর্মী আওরঙ্গজেবের নম্বর। তখন সাথী বলেন, তিনি ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরগামী তাকওয়া লঞ্চ থেকে কথা বলছেন। ১০ মিনিট আগে এই ফোনটির মালিক আওরঙ্গজেব তাঁর মুঠোফোন ও ব্যাগ রেখে নদীতে লাফ দিয়েছেন। তাঁর ব্যাগে মুঠোফোন ও গণমাধ্যমের পরিচয়পত্র পাওয়া গেছে। তখন সাথী জানিয়েছিলেন, মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর কাছাকাছি কোনো জায়গায় ধলেশ্বরী নদীতে লাফ দেন আওরঙ্গজেব। আবার অন্য কয়েকজন যাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি কাঠপট্টি এলাকায় নদীতে লাফিয়ে পড়েছেন। কোথায় তিনি পড়েছেন, সে জায়গাটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত না হওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিরাও নামতে পারেননি।