জন্মগত ত্রুটির সফল চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ সেপ্টেম্বর সকাল সাতটায় ওর জন্ম। রাতের দিকে মা ঝর্ণা আক্তার বুঝলেন ছেলের পায়ুপথ নেই। বুক কেঁপে উঠল ঝর্ণার। প্রথম সন্তান, বাঁচবে তো? রাত পোহাতেই নবজাতককে নিয়ে ঝর্ণার স্বামী মাহফুজ আহমেদ ছুটলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সফল অস্ত্রোপচার শেষে গতকাল শনিবার হাসিমুখে নারায়ণগঞ্জের বাড়িতে ফিরেছেন। বললেন, ‘শঙ্কায় শিশুটির নাম পর্যন্ত রাখতে পারিনি। বাড়িতে ফিরেই ওর নাম রাখব।’
বাড়ি ফিরেছেন সঞ্জু বেগমও। তাঁর যমজ ছেলে। একটি সুস্থ হলেও অন্যটির খাদ্যনালিতে ছিদ্র ছিল। কিশোরগঞ্জের কটিয়াদি থেকে প্রথমে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেলে এসেছেন। একরত্তি ছেলে। জটিল অস্ত্রোপচারের পর সে-ও এখন সুস্থ।
শিশুমৃত্যুর হার কমিয়ে গোটা বিশ্বে বাহবা কুড়ালেও বাংলাদেশে নবজাতক মৃত্যুর হার কমছে না সেভাবে। প্রতিবছর নানা জটিলতায় মারা যাচ্ছে প্রায় দেড় লাখ নবজাতক। এদের কমপক্ষে ৯ শতাংশ জটিল সব ত্রুটি নিয়ে জন্মায়। জন্মের পরপরই এদের অস্ত্রোপচারের দরকার পড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারির বিভাগীয় প্রধান আশরাফুল হক প্রথম আলোকে বলছিলেন, ১৯৯৩ সালে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি বিভাগ চালু হয়। প্রথম যে চারটি শিশুর অস্ত্রোপচার হয়েছিল, তাদের সবাই মারা গিয়েছিল।
হাসপাতালের তথ্য বলছে, ১০ বছর আগে অস্ত্রোপচারের পর মৃত্যুহার ছিল ৮০ শতাংশ। এখন শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে সফল হচ্ছেন চিকিৎসকেরা।
শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হানিফ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন জন্মগত ত্রুটি নিয়ে কমপক্ষে একটি নবজাতক ভর্তি হয়। ভর্তি হওয়া শিশুদের ৪২ দশমিক ৫৭ শতাংশের পায়ুপথ নেই। পায়ুপথ না থাকলে শরীরের বর্জ্য বেরিয়ে যেতে পারে না। এমন শিশুদের মৃত্যু অনিবার্য। অস্ত্রোপচারের পর এই শিশুরা পুরোপুরি সুস্থ জীবনযাপন করতে পারে।
চিকিৎসকেরা জানালেন, নাভি থেকে পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে এমন শিশুদেরও চিকিৎসা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব।
এর বাইরে শিশুর লিঙ্গ নির্ধারণেও অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা বলছিলেন, সম্প্রতি এ হাসপাতালে দুই বছর বয়সী একটি শিশুর অস্ত্রোপচার হয়। ছেলে হিসেবে বড় হওয়া শিশুটি ছিল মেয়ে। মা-বাবা প্রথমে অস্ত্রোপচারে রাজি না হলেও একপর্যায়ে চিকিৎসকেরা তাঁকে বোঝাতে সক্ষম হন।
তবে চিকিৎসকদের আক্ষেপ আছে। তাঁরা বলছেন, মোট জনসংখ্যার ৪০ শতাংশের বয়স ১৮-এর নিচে। অথচ ২৩০০ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ ২০০-এর কিছু ওপরে। তাঁরা চাইছেন আলাদা একটা ওয়ার্ড। শিশুদের জন্য দক্ষ অবেদনবিদের স্বল্পতা থাকায় ২৪ ঘণ্টা অস্ত্রোপচার করা যাচ্ছে না। দুপুরের মধ্যেই অস্ত্রোপচার সারতে হয়। আলাদাভাবে নবজাতকদের জন্য কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই।