ঢাকা মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার রাতে জরুরি বিভাগের ফটক বন্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। রোগীর স্বজনদের হাতে এক সহকর্মী আহত হওয়ার খবরে তাঁরা এই বিক্ষোভ করেন। এ কারণে প্রায় এক ঘণ্টা জরুরি বিভাগ দিয়ে হাসপাতালে ঢুকতে পারেননি কোনো রোগী।

হাসপাতাল সূত্রে জানা যায়, খাদ্যনালিতে সমস্যা নিয়ে আসফিনা নামে ছয় মাসের একটি শিশু গত শুক্রবার হাসপাতালে আসে। গতকাল সন্ধ্যায় অস্ত্রোপচার শেষে তাকে ২০৫ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে তার স্বজনেরা জড়ো হয়ে শোরগোল করলে শিক্ষানবিশ চিকিৎসক ফারহানা আফরিন তাঁদের বারণ করেন। তখন শিশুটির নানা কুরবান আলীর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়, যোগ দেন অন্য স্বজনেরাও। একপর্যায়ে ফারহানার হাতে কাচের গ্লাস দিয়ে আঘাত করে চলে যান তাঁরা। এ খবর শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। তাঁরা জরুরি বিভাগের ফটক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা হাসপাতালের পরিচালকের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জরুরি বিভাগের ফটক থেকে সরে যান শিক্ষানবিশ চিকিৎসকেরা।

ঢাকা মেডিকেল ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইফাত সামি সাংবাদিকদের বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সাময়িকভাবে তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। ব্যবস্থা না নেওয়া হলে নতুন কর্মসূচি নেওয়া হবে।