ঢাকা মেডিকেলের কর্মচারীদের আন্দোলন, দুর্ভোগ রোগীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা এই কর্মবিরতি পালন করেন। এর ফলে রোগীদের চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সম্মিলিত সংগ্রাম পরিষদের ব্যানারে কর্মচারীরা কাজ ফেলে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন। তাঁরা বিশ্ববিদ্যালয় ঘোষণা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভকারীরা বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের করিডর থেকে করিডরে এবং কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। কর্মচারী উপস্থিত না থাকায় দূর-দূরান্ত থেকে আসা অসুস্থ রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। এর ফলে অনেকের অবস্থার আরও অবনতি ঘটে। ইব্রাহিমপুর থেকে চিকিৎসা নিতে আসা জাহেদ বেগম বলেন, তিনি শ্বাসকষ্টে ভুগছেন। সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এসেছিলেন। কিন্তু কাউন্টার বন্ধ থাকায় তিনি টিকিট কিনতে পারেননি। তাই চিকিৎসকও দেখাতে পারেননি।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইফুল ইসলাম জানান, প্যাথলজি বিভাগে রক্তের গ্রুপ পরীক্ষা করাতে গেলে টেকনোলজিস্ট ধর্মঘটে পরীক্ষা হবে না বলে তাঁকে জানানো হয়। একাধিক চিকিৎসক বলেন, নার্স ও কর্মচারী না থাকায় হাসপাতালের মেঝে নোংরা হয়ে পড়ে এবং ব্যাঘাত ঘটে রোগীর সেবায়ও। টিকিট বিক্রি বন্ধ করে দিয়ে কর্মচারীরা আন্দোলনে যোগ দেওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জানতে চাইলে নার্স কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্যসচিব আবদুল খালেক প্রথম আলোকে বলেন, রোববার তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মন্ত্রী সংগ্রাম পরিষদের নেতাদের দাবি-দাওয়া বিবেচনায় নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করারও ঘোষণা দেন। কিন্তু সংগ্রাম পরিষদের নেতাদের কথা শোনেননি কর্মচারীরা। আজ বৃহস্পতিবার কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পরও আন্দোলন কর্মসূচি গ্রহণযোগ্য নয়। কর্মচারীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত ১৬ জানুয়ারি থেকে নার্সিং, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সম্মিলিত সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন চলছে। এ নিয়ে কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও একটি স্মারকলিপি দেন। ওই স্মারকলিপিতে কর্মচারীরা বলেন, ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হলে গরিব রোগীদের সেবা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। এ ছাড়া হাসপাতালের কর্মচারীরা সরকারি নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত। সরকারি নিয়োগের শর্ত অনুযাযী তাঁরা অবসরকালীন ভাতাসহ অন্যান্য সুযোগসুবিধা পেয়ে থাকেন। চিকিৎসাপ্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলে তাঁরা আর এসব সুযোগ-সুবিধা পাবেন না।