ঢাকা মেডিকেলের চিকিৎসককে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক চিকিৎসককে পুলিশের হাতে সোপর্দ করেছে। আটক হওয়া চিকিৎসকের নাম জাহাঙ্গীর নাজিম। তিনি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, জাহাঙ্গীর নাজিম দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডের নারী চিকিৎসকদের উত্ত্যক্ত করে আসছিলেন। সহকর্মীদের মুঠোফোনে আপত্তিকর খুদে বার্তা পাঠাতেন তিনি। এ ছাড়া নানাভাবে জাহাঙ্গীর নারী চিকিৎসকদের উত্ত্যক্ত করতেন।অভিযোগ আছে, এ বিষয়ে নারী চিকিৎসকেরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই চিকিৎসক ওয়ার্ডে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। তাঁরা ওই চিকিৎসককে আটক করার দাবি জানান। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষুব্ধ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে কর্তৃপক্ষ। এরপর জাহাঙ্গীরকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আরেকজন চিকিৎসক জানান, এর আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক প্রথম আলোকে জানান, জাহাঙ্গীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এসব অভিযোগ সম্পর্কে আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে শহীদুল হক জানান, ওই চিকিৎসককে বদলি করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, চিকিৎসক জাহাঙ্গীর নাজিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।