ঢাকা মেডিকেলের পরিচালককে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনা অনুসারে বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান ওরফে মেঘনার লাশের দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানকে হাইকোর্টে তলব করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। মেঘনা ৫ জানুয়ারি শ্বশুরবাড়িতে মারা যান। ময়নাতদন্তের পর ৬ জানুয়ারি তাঁর লাশ দাফন করা হয়। তবে তাঁকে হত্যার অভিযোগ ওঠায় মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পুনঃ ময়নাতন্তের নির্দেশনা চেয়ে তাঁর মা ফুলবানু হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ১৮ জানুয়ারি মেঘনার লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। আদেশে কোনো বিলম্ব ছাড়া লাশ কবর থেকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য একজন ফরেনসিক চিকিৎসকসহ তিন সদস্যের কমিটি গঠন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে বলা হয়। এ ছাড়া ময়নাতদন্তের পর অন্য কোথাও পাঠানোর আগে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়। রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ গতকাল সন্ধ্যায় জানান, গত বৃহস্পতিবার মেঘনার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও এখন পর্যন্ত পুনঃ ময়নাতদন্ত হয়নি।