ঢাকা রংতুলিতে আঁকা স্বপ্নের শহর
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com

এক মাসের ওপর, ভিন্ন একটি রূপে সেজেছে ঢাকা শহর। এটি কি স্বপ্নের রংতুলি দিয়ে আঁকা কল্পনার শহর নাকি ভিন্ন এক রঙের ভয়াবহতার চাদরে ঢাকা পড়েছে আমাদের এই প্রাণের শহর? প্রতিদিন ভোরে সূর্যের কিরণে আকাশ আলোকিত হয়, তবে আজ নতুন করে সবার নজর কাড়ছে অনেক অপরিচিত পাখির আনাগোনা। এসব পাখিরা কি আমাদের কল্পনায় কখনো উঁকি দিয়েছিল? কী সুন্দর সবুজের মধ্যে লাল টিয়ে, যা বাজারে গেলে দেখা যেত খাঁচার ভেতর আর বিক্রি হতো ভিন্ন ক্রেতার ভিন্ন পছন্দের ওপর ভিত্তি করে। আজ কোথা থেকে এসে আমাদের মধ্যে হাজির এই টিয়ে, ঘুঘু, শালিক, কবুতর, ফিঙ্গে, দোয়েল, ময়না আর নাম না জানা এসব পাখি?
ঘরের জানালা থেকে এখন প্রতিদিন দেখা যায় নির্জন পরিবেশ, যেখানে রোজকার মতো নেই সহস্র গাড়ির শব্দ, ধুলাবালিতে ঝাপসা হয়ে যাওয়া রাস্তা, প্রচণ্ড গরমে রিকশার হুড তুলে বসে থাকা যাত্রীরা যাঁরা দুশ্চিন্তায় শুধু ঘড়ির কাঁটা দেখে আর অপেক্ষা করে যানজটের অবসান কখন হবে, কখন নিজ প্রতিষ্ঠানে হাজিরা দেবেন।
বেলা দুটো বাজতেই পাড়ার সব দোকান বন্ধ করে মানুষ এখন কোথায় যাবার প্রস্তুতি নেয়? চায়ের দোকানের সামনে বসে না আর আড্ডা। এত নিরিবিলি, সবুজ, হালকা ঠান্ডা বাতাস আর নীল সাদার চাদরে ঢাকা আকাশ দেখতে মানুষ আজ কেন বাইরে বের হয় না? এই সৌন্দর্য কি আমাদের কল্পনা ছিল না? প্রকৃতির এই বিরাম সৌন্দর্য উপভোগ করার জন্যই তো লাখো মানুষ নতুন বছরের ক্যালেন্ডারে দেওয়া ছুটির দিনগুলো ভিন্ন রঙিন কলম দিয়ে দাগ কেটে রাখেন। ছুটির দিনগুলোতে এই ব্যস্ত শহর থেকে বের হয়ে পাড়ি দেয় আমেরিকা, ইউরোপ বা আফ্রিকার কোনো এক নজরকাড়া সুন্দর শহরে, যা তারা কল্পনার রংতুলি দিয়ে প্রতিদিন অল্প অল্প করে এঁকে রেখেছিল।
কী অবাক করা শান্তি ছেয়ে আছে প্রকৃতিতে কিন্তু কারও মনে আজ আনন্দ নেই। এই নিস্তব্ধতা উপহার দিয়েছে অলস সময়, যা সবার জীবনকে আজ আঁকড়ে ধরেছে। মানুষ আজ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও কিছুই হাতের মুঠোতে করে নিতে পারছে না। কেননা এই পুরো জগৎটাই আজ অসহায় হয়ে পড়েছে একটি মরণব্যাধি ভাইরাসের কাছে। লাল নীল সোডিয়াম বাতি দেখে যাদের প্রাণ জুড়াত এই ঢাকা শহরের বুকে, আজ তাদের রাতের আলো দেখার অনুমতি নেই। কেননা নিজেকে বাঁচাতে হলে আজ সবাইকে ঘরের চারদেয়ালের ভেতরের বাতিকেই আনন্দের সঙ্গে আঁকড়ে ধরতে হচ্ছে। আর এই আনন্দ কোনো প্রশ্নের উত্তর নিয়ে আসা আনন্দ নয়, এই আনন্দ নিজের ভীতি থেকে কানে ভেসে আসা এক গুঞ্জন, যা কিনা বলে দিচ্ছে যে তুমি এখনো বেঁচে আছ।
বাংলাদেশের বুকে সব থেকে বড় শহর ঢাকা আজ আমাদের স্বপ্নের রঙে ছেয়ে গেছে। মুক্ত বাতাস, শিশিরভেজা ঘাস, পাখির কলরব, নীরব রাস্তায় ঝিঁঝি পোকার বাতিতে পথচলা, শান্ত পরিবেশে শান্তির কিছু দীর্ঘ নিশ্বাস, যেখানে কিনা নিত্যদিনের মতো কানে ভেসে আসে না যন্ত্রণাদায়ক কোনো শব্দ। তবে এই কল্পনার শহরে রাস্তার ওপর নিঃস্ব, চিন্তিত আর ক্ষুধার্ত চেহারার শত শত মানুষ আজ কোথা থেকে এসেছে? তাদের চোখেমুখে ভাইরাসের ভয় নেই, আছে শুধু বেঁচে থাকার আকুতি। নজরকাড়া এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘর থেকে বের হলেই এক ভয়াবহ নিস্তব্ধতা মনকে এ কেমন অস্থির করে দিচ্ছে? কল্পনার রংতুলিতে কখনো কি পাখির গুঞ্জনের সঙ্গে ভেসে এসেছিল সহস্র পরিবারের কান্নার শব্দ? এ কেমন কান্না? কখনো কি ভেবেছিলাম যে প্রিয়জনকে শুধু হারিয়েই শেষ নয়, তাকে শেষবারের মতো দেখতেও পারার ক্ষমতাটুকু আজ আমরা হারিয়ে ফেলব?
এ কেমন ভাইরাস, যা প্রতিদিন শত শত মানুষের দেহে বাসা বেঁধে যাচ্ছে আর শত শত মানুষ থেকে হাজার হাজার মানুষের দেহে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত মানুষ কারা বা শনাক্ত করা গেলেও তাদের সংস্পর্শে আসা আরও শত শত মানুষকে কি শনাক্ত করা সম্ভব?
স্নিগ্ধ তুলির স্পর্শে আঁকা এই অপরিসীম সুন্দর পরিবেশের স্বপ্ন হয়তো অনেকেই দেখেছিলেন। কিন্তু একটি প্রাণঘাতী ভাইরাস যে ক্যানসারের মতো ছড়িয়ে পড়বে, আর অতি সহজেই মূল্যবান প্রাণগুলো কেড়ে নেবে, তা দুঃস্বপ্ন হয়েও কারও কল্পনাতে ধরা দেয়নি। আজ আমরা একে অপরের মৃত্যুর দায় নিচ্ছি। এই বোঝা নিয়ে বেঁচে থাকা কি সম্ভব? দুঃস্বপ্নের মতো এই কঠিন সময়টা মানুষের কল্পনার রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। আমাদের প্রাণের ঢাকা আজ প্রকৃতির রঙে সেজেছে, যেন হরেক রঙের তুলিও হার মানবে এই মায়াময় রঙের কাছে কিন্তু সাধারণ এই মানুষগুলো এখন সুখের আর আনন্দের কল্পনা করে না, করে শুধু বেঁচে থাকার আকুতি আর অন্য কারও মৃত্যুর কারণ না হওয়ার বাসনা।
লেখক: অধ্যাপক, ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।