ঢাকা শহর রক্ষায় দ্রুত ড্যাপ বাস্তবায়নের দাবি
ঢাকা শহরকে রক্ষা করতে হলে প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেমের কোনো বিকল্প নেই। এ জন্য অবৈধভাবে দখল হয়ে যাওয়া জলাধারগুলো উদ্ধার করতে হবে। বাণিজ্যিক কার্যক্রম, সরকারি-বেসরকারি আবাসন প্রকল্পের কথা বিবেচনায় নিলে হবে না। ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) যে পরিমাণ জলাধারের কথা বলা আছে, আসলে তার চেয়েও বেশি জলাধার প্রয়োজন। তবে ড্যাপে যা আছে, তা বাস্তবায়ন হলেও ঢাকা শহর রক্ষা পাবে।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এই অভিমত দেন। তাঁরা ঢাকা শহরকে রক্ষায় দ্রুত ড্যাপ বাস্তবায়ন এবং ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন ৪৩টি খালসহ মহানগরের শতাধিক খাল ও জলাধার উদ্ধারের দাবি জানান। ‘ঢাকা মহানগরের জলাধারের গুরুত্ব ও তা রক্ষায় করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।ঢাকায় প্রতিবছর সৃষ্ট জলাবদ্ধতার জন্য কিছুসংখ্যক ভূমিদস্যুকে দায়ী করে বক্তারা বলেন, তাঁরাই জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে প্রধান বাধা। এসব ভূমিদস্যুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাঁরা বলেন, ঢাকা ও এর আশপাশের জলাধার যেভাবে ভরাট হচ্ছে তা মেনে নেওয়া মানে ঢাকা শহর পানির নিচে চলে যাচ্ছে, তা মেনে নেওয়া। এ জন্য কিছুসংখ্যক ভূমিদস্যু দায়ী। এখন আমাদের দেখতে হবে সরকার কার স্বার্থ দেখবে, কিছু ব্যবসায়ী ও তাঁদের ক্রেতাদের, নাকি ঢাকা মহানগরের। ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি সরোয়ার জাহান, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, পরিকল্পনাবিদ নিয়াজ রহমান, প্রকৌশলী তোফায়েল আহমেদ প্রমুখ আলোচনায় অংশ নেন।গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মুজিবর রহমান। মূল প্রবন্ধে বলা হয়, ঢাকার পূর্বাঞ্চলকে জলাবদ্ধতাজনিত বন্যা থেকে রক্ষা করতে হলে ৪০ শতাংশ বৃষ্টির পানি নামার খাল ও জলাশয় এবং পশ্চিমের ১০ শতাংশ জলাধার অবশ্যই সংরক্ষণ করতে হবে।আলোচনায় বক্তারা আরও বলেন, ভরাট করা জলাধার উদ্ধারে গেলে ভূমি ব্যবসায়ীরা তাঁদের ক্রেতাদের দোহাই দেবেন। ক্রেতাদের স্বার্থ রক্ষার কথা বলবেন—যাতে অবৈধভাবে দখলে নেওয়া জলাধার উদ্ধার না হয়। কিন্তু ক্রেতার স্বার্থের কথা বলে অবৈধ দখল উচ্ছেদ না করলে হবে না। ক্রেতার স্বার্থ রক্ষার জন্য সরকারের হাতে আরও অনেক অস্ত্র আছে।