পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে যানবাহনে সিএনজির ব্যবহারকে উৎসাহিত করছে সরকার। পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করে ঢাকা শহরকে বায়ুদূষণ থেকে রক্ষা করতে হবে। গতকাল সোমবার আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।‘ন্যাশনাল কনসালটেশন ওয়ার্কশপ অন ক্লিন ফুয়েলস অ্যান্ড ভেহিকেলস’ শিরোনামে কর্মশালায় হাছান মাহমুদ বলেন, ঢাকা শহরের জনগণের যাতায়াতের দুর্ভোগ কমাতে সরকার বিআরটিসির মাধ্যমে আরও ৩০০ বাস চালু করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমরা নির্মল পরিবেশে বাস করতে চাই। অথচ আমাদের অনেকেই পরিবেশকে দূষণমুক্ত রাখার ব্যাপারে খুব একটা সচেতন নয়।’ তিনি বলেন, দেশে অর্থনৈতিক উন্নয়নের কারণে শিল্পকারখানার পাশাপাশি যানবাহনের সংখ্যাও বাড়ছে। তাই পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের মাধ্যমেই পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার। বিজ্ঞপ্তি।