ঢাকা সিটি করপোরেশনের ২ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ২০১০-১১ অর্থবছরের জন্য দুই হাজার ১৭১ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে মেয়র সাদেক হোসেন খোকা এক সংবাদ সম্মেলনে এই বাজেট উপস্থাপন করেন। এ সময় ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাদেক হোসেন খোকা এ সময় বলেন, ঢাকার জন্য বর্তমানে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা বাজেট হওয়া উচিত। কারণ দেশের এক-দশমাংশ মানুষ ঢাকায় বসবাস করে।ঢাকার সমস্যা সমাধানে মেয়র বলেন, নগরবাসীর সেবাপ্রাপ্তি সহজতর করার জন্য ডিসিসিকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে ন্যস্ত করা প্রয়োজন। তিনি বলেন, রাজধানীর উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা থাকে, তাই সিদ্ধান্ত নিতে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন বাজেটে এক হাজার ৭৩৫ কোটি ৪৯ লাখ টাকা উন্নয়নের জন্য রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় ৮০ শতাংশ। এবার নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০৪ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে রেটস অ্যান্ড ট্যাক্স বাবদ বকেয়াসহ আয়ের লক্ষ্যমাত্রা ৩২৫ কোটি এবং সালামি ও ভাড়া বাবদ ১০০ কোটি টাকা। এ ছাড়া ট্রেড লাইসেন্স ফি বাবাদ ৪৬ কোটি, রিকশার লাইসেন্স ফি পাঁচ কোটি, বিজ্ঞাপন ফি ১৫ কোটি, বাস-ট্রাকটার্মিনাল থেকে ১৮ কোটি, গরুর হাট ইজারা বাবদ ১৬ কোটি, রাস্তা খনন ফি ৫০ কোটি, যন্ত্রপাতি ভাড়া ১০ কোটি, সম্পত্তি হস্তান্তর খাতে ৭৮ কোটি, ক্ষতিপূরণ বাবদ দুই কোটি ৫০ লাখ, শিশু পার্ক থেকে চার কোটি, বিদ্যুৎ বিল আদায় খাত থেকে ১০ কোটি এবং অন্যান্য খাত থেকে নয় কোটি টাকা আয় হবে বলে জানানো হয়।মেয়র বলেন, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এবং সরকারি ও বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্মসূচি থেকে এক হাজার ২৫৪ কোটি টাকার প্রকল্প সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া সরকারি উন্নয়ন অনুদান থোক হিসেবে ১০০ কোটি টাকা পাওয়ার আশার কথাও জানান মেয়র।২০১০-১১ অর্থবছরে ব্যয়ের উল্লেখযোগ্য খাত উল্লেখ করে মেয়র বলেন, ডিসিসি পরিচালন ব্যয় হিসেবে ৩৭১ কোটি ৮৫ লাখ টাকা, সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে ২৭৯ কোটি ৫০ লাখ টাকা, কবরস্থান, শ্মশানঘাট ও বৌদ্ধধর্মালম্বীদের শেষকৃত্যস্থান নির্মাণ, সংস্কার ও উন্নয়ন খাতে আট কোটি ৬০ লাখ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া শহীদ জিয়া পার্কের আধুনিয়কায়ন ও মেরামতের জন্য তিন কোটি টাকা, অন্যান্য পার্ক ও খেলার মাঠ উন্নয়নে ৬ কোটি টাকা, আঞ্চলিক কার্যালয় ও বাজার নির্মাণ খাতে ২৭ কোটি টাকা, সুইপার কলোনি নির্মাণে ১১ কোটি ৫০ লাখ টাকা, কার পার্কিং খাতে পাঁচ কোটি টাকা এবং পরিবেশ উন্নয়ন খাতে তিন কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।মেয়র আরও জানান, কমিউনিটি সেন্টার নির্মাণ ও উন্নয়ন খাতে ১০ কোটি টাকা এবং মশা নিয়ন্ত্রণে মশার ওষুধসহ বিভিন্ন যন্ত্রপাতি কিনতে বরাদ্দ রাখা হয়েছে ১৮ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সামগ্রী আধুনিকীকরণ, উন্নয়ন ও ক্রয় খাতেও ২৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।ঢাকার মেয়র জানান, নগরের শাহবাগ, শেরাটন, বাংলামোটর ও সোনারগাঁও ইন্টারসেকশনে চারটি রোড আন্ডারপাস নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পিপিপি ভিত্তিতে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে সরকারি অর্থায়নে ইউটিলিটি স্থানান্তরের জন্য ৩৪১ কোটি টাকা এবং উদ্যোক্তা অর্থায়নে ৩৩৫ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পিপিপি পদ্ধতিতে কারওয়ান বাজার এলাকায় বহুতলবিশিষ্ট কার পার্কিং নির্মাণের জন্য ১০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। মেয়র বলেন, ডিসিসির অর্থবিষয়ক সাব-কমিটির চূড়ান্তকৃত এবং ওয়ার্ড কাউন্সিলরদের সাধারণ সভায় ২০০৯-১০ অর্থবছরের ৯৭০ কোটি ৫৬ লাখ টাকার সংশোধিত বাজেট এবং বর্তমান বাজেট চূড়ান্ত করা হয়।