ঢাকা সিটি করপোরেশনের ২৭১৫ কোটি টাকার বাজেট ঘোষণা
২০১১-১২ অর্থবছরে ঢাকা সিটি করপোরেশনের জন্য দুই হাজার ৭১৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র সাদেক হোসেন খোকা। গত কয়েক বছরের মতো এবারও বাজেটে নতুন কর আরোপ করা হয়নি। সর্বোচ্চ (৩১০ কোটি টাকা) বরাদ্দ রাখা হয়েছে সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে। আর মশা নিয়ন্ত্রণে বরাদ্দ ১৯ কোটি টাকা। গতকাল সকালে মহানগর নাট্যমঞ্চে ওয়ার্ড কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সাংবাদিকদের সামনে মেয়র এ বাজেট ঘোষণা করেন। গত বছর করপোরেশনের বাজেট ছিল দুই হাজার ১৭১ কোটি টাকা। খরচ হয়েছে এক হাজার ৪৩৫ কোটি টাকা।মেয়রের বাজেট বক্তৃতার সিংহভাগ জুড়ে ছিল নগরবাসীর নানা সমস্যা ও তা মোকাবেলায় করপোরেশনের বিভিন্ন উদ্যোগের বর্ণনা। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও লোকবলের অভাবে সুষ্ঠুভাবে সবকিছু করতে পারছেন না বলে দাবি করে মেয়র এ বাজেট বাস্তবায়নে জনপ্রতিনিধি ও নগরবাসীর সহায়তা কামনা করেন।বাজেটে করপোরেশনের নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫৬ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে রেটস অ্যান্ড ট্যাক্স বাবদ বকেয়াসহ ৪২০ কোটি এবং সালামি ও ভাড়া বাবদ ১০৩ কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে। এ ছাড়া ট্রেড লাইসেন্স, রিকশার লাইসেন্স, বিজ্ঞাপন ফি, বাস-ট্রাক টার্মিনাল ও গরুর হাটের ইজারা, রাস্তা খনন, যন্ত্রপাতি ভাড়া, সম্পত্তি হস্তান্তর, নগর শুল্ক, শিশুপার্ক, বিদ্যুৎ বিল আদায় ও অন্যান্য খাত এবং সরকারি অনুদান থেকে বাকি টাকা সংগৃহীত হবে।এ ছাড়া কবরস্থান ও শ্মশানঘাট সংস্কার ও উন্নয়ন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের শেষকৃত্যের স্থান নির্মাণ ও উন্নয়ন, শিশুপার্কসহ অন্যান্য পার্ক ও খেলার মাঠ উন্নয়ন, করপোরেশনের আঞ্চলিক কার্যালয় ও বাজার নির্মাণ, পরিচ্ছন্নতাকর্মীদের কলোনি নির্মাণ, কমিউনিটি সেন্টার, শরীরচর্চাকেন্দ্র, কাউন্সিলরের অফিস ও গ্রন্থাগার নির্মাণ, কাজী বশির মিলনায়তন, কর্মকর্তাদের আবাসন নির্মাণ, কার পার্কিং খাত, পরিবেশ উন্নয়ন, ডাস্টবিন ও শৌচাগার নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে।বাজেট বক্তৃতায় মেয়র বলেন, যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হলে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না। তিনি এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের প্রশংসা করেন। তিতাস, ওয়াসা ও টিঅ্যান্ডটির মতো সংস্থাগুলো রাস্তা খোঁড়াখুঁড়ি করে এবং ঠিক সময়ে কাজ শেষ না করাই রাস্তাঘাটের বেহাল দশার কারণ বলে মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, নগরের ফুটপাতগুলো দখলমুক্ত রাখা দরকার। কিন্তু বাস্তবে পুলিশ দখল উচ্ছেদ করে রাজারবাগ ফিরে যাওয়ার আগেই আবার দখল হচ্ছে। তিনি করপোরেশনের জন্য আলাদা একটি নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মহানগরে যানবাহন প্রবেশের ক্ষেত্রে নগর শুল্ক প্রথা চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, ভারী যানবাহন ঢোকার কারণে রাস্তার যে ক্ষতি হয়, তা মেরামতে সরকার বর্তমানে বছরে আড়াই কোটি টাকা দিচ্ছে। এটি বাড়িয়ে ১০০ কোটি টাকা করা প্রয়োজন। মেয়র বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে প্রধান প্রধান শহরে প্রতি হাজার বাসিন্দার জন্য দুজন করে পরিচ্ছন্নতাকর্মী রয়েছে। সে হিসাবে ঢাকায় কমপক্ষে ৩০ হাজার পরিচ্ছন্নতাকর্মী থাকা প্রয়োজন। তা না থাকলেও জাইকার সহযোগিতায় করপোরেশন ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে আসছে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায়ও অগ্রগতি এসেছে।নদী দখলকে নগরের জলাবদ্ধতার প্রধান কারণ উল্লেখ করে মেয়র বলেন, তুরাগ, বালু, বংশাই, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীকে দখলমুক্ত করতে না পারলে জলাবদ্ধতা কমবে না। একটি স্বাধীন নদী রক্ষা কর্তৃপক্ষ গঠনের দাবি জানান তিনি।রাজউকের সমালোচনা করে মেয়র বলেন, প্রতিষ্ঠানটিতে আমলাদের প্রভাব কমিয়ে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। মহানগরকে বাসযোগ্য করতে কেবল জনপ্রতিনিধিরাই সত্যিকার দিকনির্দেশনা দিতে পারেন। মহানগর জেনারেল হাসপাতালকে হূদেরাগ চিকিৎসাকেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে বলে জানান মেয়র।