ঢাকা সিটির ওয়ার্ডের ভোটার ব্যবধান অস্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের ভোটার সংখ্যার ব্যবধান অস্বাভাবিক রকম কমবেশি হয়ে গেছে। কোথাও কোথাও এই ব্যবধান চার-পাঁচ গুণেরও কাছাকাছি। জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ না করায় এই ব্যবধান তৈরি হয়েছে।স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ওয়ার্ডগুলোর জন্য সরকারের উন্নয়ন বরাদ্দ সমান হারে দেওয়া হয়। জনসংখ্যা বা ভোটার সংখ্যার ব্যবধান বেশি হলে বেশি জনসংখ্যার ওয়ার্ডগুলো উন্নয়ন-বৈষম্যের শিকার হবে। একই সঙ্গে প্রার্থীদের ব্যয়ের ক্ষেত্রেও বৈষম্য তৈরি হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, সরকার প্রতি আদমশুমারি শেষে জনসংখ্যার ভিত্তিতে সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা বিন্যাস করবে। কিন্তু ঢাকা সিটি করপোরেশনকে সর্বশেষ ৯০ ওয়ার্ডে ভাগ করে সীমানা বিন্যাস হয়েছিল ১৯৯৩ সালে। এরপর দুবার আদমশুমারি হওয়া সত্ত্বেও নতুন করে সীমানা বিন্যাস হয়নি। বর্তমান সরকার ২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগে ভাগ করলেও জনসংখ্যার ভিত্তিতে নতুন করে ওয়ার্ডের সীমানা বিন্যাস করেনি।নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানাবিন্যাসের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মামলার কারণে এক বছরের বেশি সময় ধরে ডিসিসিতে নির্বাচন করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় চাইলে তো ওই সময়ের মধ্যে ওয়ার্ডের সীমানা বিন্যাস করে দিতে পারত। ঢাকার দুই সিটির নির্বাচন সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশন ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে। তাতে দেখা গেছে, ৩৬টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটির ভোটার সংখ্যা ২২ লাখ ৭২ হাজার ৫২৯ জন। অন্যদিকে ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটির ভোটার সংখ্যা ১৭ লাখ ৬৯ হাজার দু্জন।ঢাকা দক্ষিণ সিটিতে ২৭টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩০ হাজারের নিচে। অন্যদিকে চারটি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৫০ হাজারের ওপরে। বাকি ওয়ার্ডগুলোর ভোটার সংখ্যা ৩০ থেকে ৫০ হাজারের মধ্যে। এর মধ্যে ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা মাত্র ১১ হাজার ৭৫৪ জন। ১০, ২৮, ৩০, ৩১ ও ৩৫ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৫ হাজারের ঘরে। ২৭, ৩৬ ও ৪২ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৬ হাজারের ঘরে। ২১ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৭ হাজার ৯০৩ জন, ৪৪ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৮ হাজার ৭০৪ এবং ২৫ নম্বরের ভোটার সংখ্যা ১৯ হাজার ২৫৩ জন। অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬৩ হাজার ৮০৮ জন, ৪ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ৫৫ হাজার ৫০২, ২২ নম্বর ওয়ার্ডে ৫২ হাজার ১৩২ এবং ৫৫ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬৫ হাজার ৩৭৩ জন।তুলনামূলকভাবে দক্ষিণ সিটির চেয়ে উত্তর সিটির ওয়ার্ডে ভোটার সংখার হার অনেক বেশি। উত্তর সিটির ১০টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৫০ হাজারের নিচে। অন্যদিকে আটটি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৮০ হাজারের ওপরে। বাকি ওয়ার্ডগুলোর ভোটার সংখ্যা ৫০ থেকে ৮০ হাজারের ভেতরে। এর মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩০ হাজার ৫৮৬ জন, ৩২ নম্বর ওয়ার্ডের ভোটার ৩২ হাজার ২৮৩, ২৮ নম্বরের ভোটার সংখ্যা ৩৩ হাজার ৬৩৬ জন এবং ১৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩৫ হাজারের ঘরে। অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা এক লাখ ১১ হাজার ৭৯৫ জন, ২ নম্বর ওয়ার্ডের ভোটার এক লাখ দুই হাজার ৫৮৬ জন, ২২ নম্বর ওয়ার্ডের ভোটার ৯৬ হাজার ৪৪২ এবং ৩০ নম্বর ওয়ার্ডের ভোটার ৯২ হাজার ৬০৭ জন।জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় প্রথম আলোকে বলেন, যেকোনো কারণেই হোক, দীর্ঘদিন থেকে ওয়ার্ডের সীমানা বিন্যাস হয়নি। এখন যেহেতু নির্বাচন সামনে, তাই আপাতত বিদ্যমান তালিকাতেই নির্বাচন হবে। নির্বাচনের পর সময় নিয়ে অবশ্যই নতুন করে সীমানা বিন্যাস করা হবে।