ঢাকা হয়ে উঠেছে অনিয়ন্ত্রিত নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, ‘ঢাকা এখন পুরোপুরি অনিয়ন্ত্রিত নগরে পরিণত হয়েছে। মাত্রাতিরিক্ত মানুষের অবস্থান, অস্বাভাবিক যানজটসহ দৈনন্দিন সমস্যাগুলো নগরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ঢাকার রাস্তার ট্রাফিক ব্যবস্থাপনা বেসরকারি খাতে হস্তান্তর করা যায়।’গতকাল সোমবার ঢাকা শেরাটন হোটেলে ‘সিটি গভর্নেন্স এবং বেসরকারি খাতের উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এই কর্মশালার আয়োজন করে। আইবিএফবি সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ডেপুটি স্পিকার আরও বলেন, কেন্দ্রীয় সরকার ক্ষমতা কুক্ষিগত করলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতার বিকেন্দ্রীকরণ অবশ্যই করতে হবে। কর্মশালার বিশেষ অতিথি সাংসদ জাহানারা বেগম বলেন, ঢাকা সিটি করপোরেশনে সমন্বয়হীনতার অভাব রয়েছে। তিনি রাজধানীর অন্তর্ভুক্ত সরকারি সংস্থা বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা ওয়াসা, গণপূর্ত অধিদপ্তরসহ অন্য গুরুত্বপূর্ণ সংস্থার জবাবদিহি সিটি মেয়রের থাকা উচিত বলে মনে করেন। অনুষ্ঠানে ইউএসএইড ঢাকার ভারপ্রাপ্ত মিশন পরিচালক ডেনিস শর্মা বলেন, উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে শক্ত হাতে দমন করতে না পারলে কেবলই পিছিয়ে যেতে হবে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম আনিস উদ দৌলা বলেন, আমাদের শহর উন্নত শহরের মডেল হতে ব্যর্থ হয়েছে কেবল রাজনৈতিক কারণে। কোনো সুপরিকল্পনা এখানে বাস্তবায়ন করা সম্ভব নয়। নগরের উন্নয়ন করতে হলে অবশ্যই সুষ্ঠু সুপরিকল্পনা এবং বাস্তবায়ন প্রয়োজন। সভাপতির বক্তব্যে আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৯২ ও ২০০৯ সালে সিটি গভর্নেন্স সম্পর্কিত যে সংশোধন আইন প্রণয়ন করা হয়েছে, তাতে একটি ‘নির্বাচিত বডি’ হিসেবে সিটি করপোরেশনের ক্ষমতা অনেকটা খর্ব করা হয়েছে। তিনি সরকারের সংশ্লিষ্ট মহলকে শক্তিশালী সিটি গভর্নেন্স প্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকারের সাবেক সচিব জহিরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, আইবিএফবির সহসভাপতি এ টি এম সাইদুল আলম, পরিচালক চৌধুরী মোশাররফ হোসাইন, নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা ও আন্তর্জাতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।