ঢাকাই সিনেমার ২৫ হাজার নকল সিডি উদ্ধার
সিনেমার সিডি অবৈধভাবে তৈরি ও বাজারজাত (পাইরেসি) করার অভিযোগে গতকাল বুধবার ২৫ হাজার নকল সিডিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। দুই দিন ধরে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র্যা ব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঢাকাই সিনেমা পাইরেসির মূল হোতা।
এই গ্রেপ্তার উপলক্ষে তেজগাঁওয়ে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) র্যা ব আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিনেমা পাইরেসি বন্ধে একটি কেন্দ্রীয় সার্ভার বসানো হবে। সেখানে মুক্তি পাওয়া ছবিগুলো থাকবে। যেখান থেকে হলগুলোতে ইন্টারনেটের মাধ্যমে সিনেমা দেখানো হবে। আগামী এক বছরের মধ্যে এই কেন্দ্রীয় সার্ভার তৈরি করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন। সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তার ইমাম তাজ, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। খ্যাতনামা শিল্পীরাও সেখানে ছিলেন।
র্যা বের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাগর ওরফে জনি চৌকিদার, ইউনানি হারবালের মালিক মোহাম্মদ হাকিম, জুয়েল, রাজু, আজিম, বাবু, আবু বক্কর, ইব্রাহীম ও হিরা। এঁদের কাছ থেকে ২৫ হাজার সিডি ও ডিভিডি, নকল সিডি-ডিভিডি তৈরির প্রচুর যন্ত্রপাতি, দুটি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়েছে।
র্যা ব জানিয়েছে, এঁদের মধ্যে সাগর ওরফে জনিকে বলা হয় পাইরেসি জগতের হোতা। সদ্য মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রের মূল কপি (মাস্টার কপি) কৌশলে সংগ্রহ করে অবৈধভাবে নকল করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজে জনি অদ্বিতীয় বলে এফডিসিতে মনে করা হয়। তাঁর এই কাজে গোপন সহায়তা দেন দেশ ইউনানি হারবাল নামে কথিত একটি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হাকিম। সিনেমার সঙ্গে হাকিম তাঁর প্রতিষ্ঠানের কথিত যৌন শক্তিবর্ধক ওষুধ, ফরসা হওয়ার লোশন ইত্যাদির বিজ্ঞাপন জুড়ে দিতেন। এর বাইরেও বিভিন্ন মাধ্যম থেকে চলচ্চিত্রের আসল কপি সংগ্রহ করে একইভাবে নিজের পণ্যের বিজ্ঞাপন জুড়ে দিতেন তিনি। দেখা গেছে, চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে বা মুক্তি পাওয়ার এক-দুই দিনের মধ্যেই এর পাইরেটেড কপি বাজারে চলে আসে।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, এ শিল্প টিকিয়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এর মধ্যেই পাইরেসি কমিয়ে আনা হয়েছে। শিগগিরই একটি কেন্দ্রীয় সার্ভার থেকে হলগুলোতে সিনেমা দেখানো হবে।
মেধাস্বত্ব আইনে শিল্পীদের নাম নিবন্ধন করার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, এটা করা হলে পাইরেসির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও ভালোভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, ‘সিনেমা হলের পরিবেশের জন্য আমরা মালিকদের টাকা দিতে চাই। কিন্তু মালিকেরা টাকা নিতে চাচ্ছেন না।’
সংবাদ সম্মেলনে সংস্কৃতিসচিব বলেন, ‘পাইরেসি বন্ধে কঠোর আইন আছে। তবে মোবাইল কোর্ট যাতে এই আইনটি প্রয়োগ করতে পারে, সে বিষয়ে আমরা উদ্যোগ নিতে পারি।’ র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, পাইরেসির অভিযোগে ২ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করেছে, ৭৭৭টি মামলা করেছে। তিনি বলেন, মানুষ যাতে বৈধভাবে ইন্টারনেট থেকে গান, সিনেমা ও নাটক ডাউনলোড করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা হলে পাইরেসি বন্ধ হবে।
বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. গুলজার বলেন, ‘আমরা পাইরেসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কাজ করে যাচ্ছি। পুলিশ, র্যা ব আমাদের সঙ্গে রয়েছে।’ সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, অভিনয়শিল্পী হাসান ইমাম, মিজু আহমেদ, ইলিয়াস কাঞ্চন, কণ্ঠশিল্পী শাফিন আহমেদ, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎসহ অনেক শিল্পী ও অভিনয়শিল্পী এতে বক্তব্য দেন।