ঢাকাকে নিরাপদ ও নারীবান্ধব করার দাবি

নারীদের সার্বিক নিরাপত্তা, যাতায়াতের জন্য মহিলা বাসের সংখ্যা বৃদ্ধিসহ রাজধানী ঢাকাকে নারীবান্ধব করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ সোমবার আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন (উত্তর ও দক্ষিণ) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, নিরাপদ ও নারীবান্ধব ঢাকা গড়তে হবে’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার।
সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, জনগণের ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কোনোভাবেই যাতে ধর্মকে ব্যবহার করা না হয়, নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে হবে। এই বিষয়টিতে একই সঙ্গে জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, নির্বাচন কমিশন ও জনগণের প্রতি মোট ৪৪টি দাবি জানানো হয়েছে। এতে মুক্তিযুদ্ধবিরোধী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, দুর্নীতিবাজ, কালো টাকা, পেশি শক্তি ও নারী নির্যাতনকারীদের ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের প্রতি যাতে বৈষম্যমূলক আচরণ দূর হয়, প্রত্যেক বাজারকে নারীবান্ধব করা, নারীদের জন্য পৃথক গণশৌচাগার নির্মাণ, নারীর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ ও সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের বিষয়টি যাতে নির্বাচিত প্রার্থীরা গুরুত্ব দেন সে বিষয়টিও প্রার্থীদের নজরে আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেন গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনে নাগরিক সুযোগসুবিধা নেই বললেই চলে। দীর্ঘদিন নির্বাচিত মেয়র না থাকায় যেটুকু সুযোগসুবিধা ছিল রক্ষণাবেক্ষণের অভাবে তাও অকার্যকর। তাই এবারের নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়, সে দাবি তোলা হচ্ছে। মহিলা পরিষদের পক্ষ থেকে ঢাকাকে নারীবান্ধব করার বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ও সীমা মোসলেম, সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, পরিচালক (অ্যাডভোকেসি লবি) জনা গোস্বামী উপস্থিত ছিলেন।