রাজধানী ঢাকাকে বাঁচাতে হলে এই শহর অভিমুখী মানুষের স্রোত কমাতে হবে। রাজধানীতে যে হারে মানুষ বাড়ছে, তাতে এখনই ব্যবস্থা নেওয়া না হলে একে বাঁচানো যাবে না। আর ঢাকার যানজট দেশে বিদেশি বিনিয়োগের অন্যতম অন্তরায়। ঢাকার যানজট ও পরিবহন ব্যবস্থার ভোগান্তি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবহন বিশেষজ্ঞ ড. রহমতুল্লাহ। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের অতিরিক্ত নির্বাহী পরিচালক সালেহউদ্দিন, ডিসিসিআইয়ের প্রথম সহসভাপতি আবু হুরাইরা, ব্যবসায়ী আবদুল হক, মোস্তাফিজুর রহমান, এম এ মোমেন প্রমুখ। উপদেষ্টা মশিউর রহমান বলেন, ঢাকায় মানুষের আসা বন্ধ করতে না পারলে রাজধানীর যানজট নিরসন হবে না। মানুষের স্রোত ঠেকানোর জন্য দেশের সব অঞ্চলের উন্নয়ন করতে হবে। তিনি খেদের সঙ্গে বলেন, দেশের উন্নয়নমূলক কাজ করতে গেলে বিভিন্ন স্বার্থবাদী গোষ্ঠীর আবির্ভাব ঘটে। অনেক সময় স্বার্থবাদী এসব গোষ্ঠীর সেই জাল ছিন্ন করা যায় না। সচিব মোজাম্মেল হক খান বলেন, যানজট নিরসনে সরকার আগামী তিন বছরের মধ্যে ঢাকায় ২২ কিলোমিটার মেট্রো রেলপথ চালু করার চেষ্টা করছে। এতে খরচ হবে প্রায় ১২ হাজার কোটি টাকা। মূল প্রবন্ধে পরিবহন বিশেষজ্ঞ ড. রহমতুল্লাহ যানজট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তিনি স্বল্পমেয়াদি উদ্যোগের মধ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে কড়াকড়ি আরোপ, অবৈধ পার্কিং বন্ধে নীতিমালা তৈরি ও তার বাস্তবায়ন এবং রিকশা চলাচল কমিয়ে আনার কথা উল্লেখ করেন। মধ্যমেয়াদি উদ্যোগে মেট্রোরেল চালু, ভূমি ব্যবহারের সঙ্গে সঙ্গতি রেখে পরিবহন ও অবকাঠামো গড়ে তোলা আর দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে মেট্রোরেলের পাশাপাশি উড়াল সড়ক নির্মাণ, পূর্ব-পশ্চিমমুখী রাস্তা নির্মাণ ও এই সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থার দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন। বুয়েটের শিক্ষক শামসুল হক অভিযোগ করেন, ঢাকার বাসিন্দাদের জন্য কতটুকু সড়ক দরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তা নির্ধারণ করতে পারেনি। তিনি বলেন, সড়ক নির্মাণ করলে কোনো আয় হয় না। কিন্তু ভূমি উন্নয়ন করে তা বিক্রি করলে আয় হয়। রাজউক তাই সড়ক নির্মাণে মনোযোগ দেয়নি। তিনি আরও বলেন, ঢাকায় অভ্যন্তরীণ যোগাযোগের জন্য উত্তর-দক্ষিণমুখী তিনটি সড়ক মূল ভরসা। সেগুলোও প্রয়োজনের তুলনায় সংকীর্ণ। পূর্ব-পশ্চিমমুখী তেমন কোনো সড়কই নেই। এমন একটি অপরিকল্পিত শহরে নতুন করে বিনিয়োগ করেও পুরোপরি সুফল পাওয়া যাবে না। সালেহউদ্দিন বলেন, ২০১৩ সালের মধ্যে মেট্রোরেল ব্যবহার উপযোগী হয়ে যাবে। উড়াল সড়কের কাজ কয়েক মাসের মধ্যে শুরু হবে। এগুলো হলে সমস্যা থাকবে না। তিনি দিনে বাদ দিয়ে শুধু রাতের বেলায় ফুটপাতে হকারদের বসতে দেওয়ার পরামর্শ দেন।কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি) প্রণয়নের সঙ্গে জড়িত তানভীর নেওয়াজ বলেন, উড়াল সড়কের যে রূপরেখা অনুমোদন করা হয়েছে, সে পথ ধরে মেট্রোরেল হওয়ার কথা ছিল। সমন্বয়হীনতার কারণে এসব প্রকল্পের সুফল পাওয়া না-ও যেতে পারে। আবু হুরাইরা যানজট নিরসনে রেল যোগাযোগের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। উত্তরা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত খানিকটা বিরতি দিয়ে ট্রেন চালানো এবং কেন্দ্রীয় কারাগার, বিডিআর ও সেনানিবাস সরিয়ে ফেলার পরামর্শও দেন তিনি। সভাপতির বক্তব্যে আবুল কাশেম খান বলেন, ২০২০ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা আড়াই কোটি হয়ে যাবে। এখন থেকেই বিকেন্দ্রীকরণ শুরু না করলে কঠিন সমস্যায় পড়তে হবে। তিনি ঢাকামুখী মানুষের স্রোত কমানোর জন্য সারা দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহ্বান জানান।