ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ক্ষমতাসীন মহাজোটের শরিক ১১ দল।গতকাল সোমবার পৃথক বিবৃতিতে দলগুলো এই দাবি জানায়।১১ দলের বিবৃতিতে বলা হয়, ঢাকাকে ভাঙা হলে আমলানির্ভর শাসনব্যবস্থা কায়েম হবে। যত ভাগ, তত লুটপাট—এই চিন্তা থেকে অন্য সিটি করপোরেশনকেও দ্বিখণ্ডিত করার ক্ষেত্রে উৎসাহ দেখা দেবে। এ ছাড়া ডিসিসি এখন ভাগ করা হলে বিএনপি এসে পুনরায় ঢাকার অখণ্ডতা ফিরিয়ে আনবে। বিএনপির এই ঘোষণা মাথায় রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় ১১ দল।বিবৃতিতে অবিলম্বে মেয়াদোত্তীর্ণ ডিসিসির একক মেয়র ও ৯২ জন কাউন্সিলরের নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো হয়েছে। অন্যথায় যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বামপন্থী দলগুলোর এই মোর্চা।এদিকে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের পাঠানো বিবৃতিতে ডিসিসিকে বিভক্ত না করে বিকেন্দ্রীকরণ ও ক্ষমতায়নের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া ঢাকাকে বিভক্ত করার সিদ্ধান্ত সংবিধানের রাজধানীসংক্রান্ত ধারার সঙ্গে সাংঘর্ষিক কি না, তা-ও বিবেচনা করার আহ্বান জানান সিপিবির নেতারা।বিবৃতিতে বলা হয়, রাজধানী বিস্তৃত হওয়ায় এবং এর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার অজুহাতে ঐতিহাসিক এই শহরকে দুই ভাগ করার চিন্তা আজগুবি। কোনো দেশে এমন চিন্তা ও পদক্ষেপ নেওয়ার নজির নেই।সিপিবির নেতারা ডিসিসিকে না ভেঙে এটাকে কতগুলো ব্যুরো করে বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন।