ঢাকাকে শতভাগ পয়োনিষ্কাশনের আওতায় আনতে মহাপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসা প্রতিষ্ঠার ৫০ বছরে রাজধানীতে মাত্র ৩০ শতাংশ এলাকা নিয়ে পয়োনালা হয়েছে। এত দিন এর জন্য কোনো মহাপরিকল্পনা ছিল না। যে ৩০ ভাগ এলাকা নিয়ে পয়োনিষ্কাশন ব্যবস্থা আছে, সেখানেও পুরোনো পাইপের কারণে ব্যাপক সংস্কার দরকার। এসব বিষয় মাথায় রেখে রাজধানী ঢাকাকে শতভাগ পয়োনিষ্কাশনের আওতায় আনার লক্ষ্যে ঢাকা ওয়াসা মহাপরিকল্পনা তৈরি করেছে।এই মহাপরিকল্পনার আওতায় ঢাকা ওয়াসার অধীন প্রায় ৪০০ বর্গকিলোমিটারসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) অঞ্চলের মোট এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকাকে পয়োনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত মহাপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ডেনমার্কের গ্রন্টমিজ নামের একটি প্রতিষ্ঠান এই মহাপরিকল্পনা তৈরি করে।অনুষ্ঠানে বলা হয়, প্রায় ১৩ হাজার ১২০ কোটি টাকা (১৬০ কোটি ডলার) ব্যয়সাপেক্ষ এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিন কোটি ২০ লাখ জনগোষ্ঠী উপকৃত হবে। ঢাকা শহরকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে ২০৩৫ সালের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান কিছু ধনাঢ্য ব্যক্তির অসচেতনতার কারণে গুলশান লেক দূষিত হচ্ছে উল্লেখ করে বলেন, লেকের দুই পাড়ে বড়জোর ৩০০ পরিবার বাস করে। গুলশান লেক দূষণমুক্ত করতে পয়োনিষ্কাশন নালা করার জন্য ওয়াসাকে ৭৫ কোটি টাকা খরচ করতে হচ্ছে।স্থানীয় সরকার সচিব আরও বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত ও পয়োব্যবস্থার সুবিধা পেতে হলে নাগরিকদের কিছু টাকা খরচ করতেই হবে। রাজউকের পূর্বাচল প্রকল্পে পানি ও পয়োসুবিধা দেওয়া সম্ভব হবে না, যদি এখানে যাঁরা প্লট পেয়েছেন তাঁরা এ বাবদ খরচ না করেন।অনুষ্ঠানের সভাপতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মো. রহমতুল্লাহ মহাপরিকল্পনার বিষয় তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রতিনিধি মোগাদিন, পরামর্শক কোম্পানির প্রতিনিধি জেনস থগারসেন প্রমুখও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বুয়েটের শিক্ষক এবং বিভিন্ন উন্নয়ন ও বেসরকারি কোম্পানির প্রতিনিধিরা।অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে নগরের মাত্র ৩০ ভাগ এলাকা পয়োনিষ্কাশনের আওতায় রয়েছে। রাজধানীর তেজগাঁও থেকে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে পাগলার শ্যামপুর পর্যন্ত এই এলাকা। পূর্ব ঢাকায় দাশেরকান্দি পয়োশোধনাগার প্ল্যান্ট নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার প্রাথমিক কাজ শুরু হয়েছে। পাগলার পয়োশোধনাগারেও কিছু কাজ হচ্ছে। আর্থসামাজিক অবস্থা, জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক অবস্থান ইত্যাদি বিষয় বিবেচনা করে আলোচ্য মহাপরিকল্পনটিকে ১১টি এলাকায় ভাগ করা হয়েছে। এগুলো হলো: গাজীপুর, টঙ্গী, উত্তরা, সাভার, ঢাকা পূর্ব, ঢাকা পশ্চিম, রায়েরবাজার, কেরানীগঞ্জ, পূর্বাচল, নারায়ণগঞ্জ পূর্ব এবং নারায়ণগঞ্জ পশ্চিম।মহাপরিকল্পনাটি তৈরি করা হয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের আওতায়, যেখানে অগ্রাধিকারভিত্তিক কাজের দরপত্র, নকশা প্রণয়ন এবং এর পরিবেশগত প্রভাব মূল্যায়নসহ মোট ১০ কোটি টাকা খরচ হয়েছে।