ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথনের অনুমতি পেল ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের অনুমতি পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২০২১ সালের ২৬ মার্চ অনুষ্ঠিত এই আয়োজনের অনুমতি দিয়েছে এশিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতিসহ কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মেয়র এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুমোদন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা আগামী বছরের ১৭ মার্চ কিংবা ২৬ মার্চে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের লক্ষ্যে এশিয়ান অ্যাথলেটিক অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিলাম। এশিয়ান অ্যাথলেটিক অর্গানাইজেশন আমাদের সেই আবেদন বিবেচনায় নিয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিক অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করে আগামী বছরের ২৬ মার্চ ম্যারাথন আয়োজনের অনুমতি দিয়ে তা ক্যালেন্ডারভুক্ত করেছে। এটা নিঃসন্দেহে ঢাকাবাসী তথা দেশবাসীর জন্য সম্মানের।

মেয়র তাপস আরও বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সফল আয়োজনের মাধ্যমে ঢাকাকে বিশ্বপরিমণ্ডলে নতুনভাবে উপস্থাপন করতে চাই। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করতে সক্ষম হব।’
সভায় করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব, সহসভাপতি ফারুকুল ইসলাম, ডিএসসিসির সচিব আকরামুজ্জামান ও ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।