ঢাকায় ফুলের স্থায়ী বাজার নেই
রাজধানীর শাহবাগ ও আগারগাঁওয়ে দুটি পাইকারি ফুলের বাজার আছে। কিন্তু দুটি বাজারই অস্থায়ী। বাজার সম্প্রসারণে ঢাকায় ফুলের একটি স্থায়ী পাইকারি বাজার স্থাপনের দাবি ফুলচাষি ও ব্যবসায়ীদের। একই সঙ্গে ফুল রপ্তানির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের মতো বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি সম্ভাবনাময় খাত হতে পারে ফুল। উৎপাদিত ফুল বাজারজাতের জন্য ঢাকায় স্থায়ী কোনো পাইকারি বাজার নেই। আধুনিক সুযোগ-সুবিধাসহ ঢাকায় ফুলের স্থায়ী পাইকারি বাজার স্থাপন জরুরি।
শাহবাগ ও আগারগাঁওয়ের ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দুটি বাজারে বর্তমানে ফুলের স্থায়ী পাইকার রয়েছেন তিন শর কাছাকাছি। একটি স্থায়ী পাইকারি বাজারের জায়গা পাওয়ার জন্য তাঁরা কয়েক বছর ধরেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন। একাধিকবার পাইকারি বাজার করার জায়গা দেওয়া হবে—এমন আশাও পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির রাজন পড়ালেখার পাশাপাশি আগারগাঁওয়ে ফুলের ব্যবসা করেন। তিনি প্রথম আলোকে বলেন, স্থায়ী কোনো জায়গা না থাকায় আজ কাদায় বসতে হয়, কাল ফুটপাতে রোদে পুড়তে হয়। এসব কারণে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা ফুল ব্যবসায় আগ্রহী হচ্ছেন না।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের ২৩টি জেলার প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। ফুল চাষ ও ব্যবসার সঙ্গে প্রায় ২০ লাখ মানুষ নিয়োজিত। ফুল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দৈনিক লক্ষাধিক টাকার ফুল নষ্ট হয়ে যায়।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাজধানীতে স্থায়ী ফুলের পাইকারি বাজার করাসহ ফুল ব্যবসা বিষয়ে সিদ্ধান্ত নিতে দুটি কমিটি করা হয়েছে। কমিটি কোন জায়গায় বাজার স্থাপন করা সম্ভব, তা বিবেচনা করবে। আগামী ১০ নভেম্বরের মধ্যে ফুল খাতের উন্নয়নে প্রকল্প তৈরি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেরেবাংলা নগর ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সহসম্পাদক এস এম টিপু সুলতান প্রথম আলোকে বলেন, সরকার জায়গা দিলে ব্যবসায়ীরা ভবন করে নেবেন। ফুল ব্যবসায়ীরা স্থায়ী জায়গায় বৈধভাবে যাতে ব্যবসা করতে পারেন, সে জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন।
ঢাকায় স্থায়ী ফুলের পাইকারি বাজার বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন জেলার ফুলচাষি, ব্যবসায়ী ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
গোলটেবিলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, ফুল চাষে যে ধরনের উন্নয়ন হওয়ার দরকার, তা হয়নি। তবে ফুল চাষ ও ব্যবসার ক্ষেত্রে যে সুবিধা আছে, তা হয়তো যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে সবার সমন্বয় দরকার।
গোলাম মর্তুজার সঞ্চালনায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসহাক মিয়া, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক আবদুর রশিদ, শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম প্রমুখ আলোচনায় অংশ নেন।