ঢাকার আদালতের লিফটগুলো 'মরণফাঁদ'
ঢাকার আদালতের লিফটগুলো যেন মরণফাঁদ। জীবনের ঝুঁকির মধ্যে প্রতিদিন আইনজীবী ও বিচারপ্রার্থীরা ওঠা-নামা করছেন। কেউ দেখার নেই। সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি কার্গো লিফট চালু করা হয়েছে। সেটিও মাঝেমধ্যে চলে, মাঝেমধ্যে চলে না।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওঠা-নামার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনটি লিফট রয়েছে। প্রতিদিন সকাল থেকেই আইনজীবীরা লাইনে দাঁড়িয়ে থাকেন। লিফটে উঠে আতঙ্কে থাকেন এই বুঝি থেমে গেল। রাজধানীর উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দীন টাওয়ারের লিফট ছিঁড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এ আতঙ্ক আরও বেড়ে গেছে।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালতেও তিনটি লিফট রয়েছে। একটি লিফট দীর্ঘদিনের পুরোনো। এটি মাঝে মাঝেই বিকল হয়ে পড়ে। আইনজীবীরা জানান, পুরোনো লিফটটি ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে। তবে নতুন দুটির অবস্থাও ভালো নয়। মাঝে মাঝে আটকে যায়।
এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজীবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘লিফটগুলো দেখতে নতুন, কিন্তু কাজে পুরোনোগুলোর চেয়েও খারাপ। লিফটগুলো চালু করার কিছুদিন পর থেকেই দেখছি এগুলোর সমস্যা লেগেই আছে। প্রায়ই বন্ধ হয়ে যায়। প্রতিদিন আমাদের আতঙ্কের মধ্যে যেতে হয়।’
ঢাকার মুখ্য হাকিম আদালতের নাজির মো. নাজমুল বলেন, ‘লিফট বন্ধের বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করলে আমরা পিডব্লিউডিকে জানাব। এটি সমাধান করবে।’
আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘প্রধান বিচারপতিকে আমাদের দুঃখ-দুর্দশার কথা জানিয়েছি।’