ঢাকার খাল রক্ষায় বিভিন্ন সংস্থাকে বেলার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের খাল রক্ষা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে গত বুধবার আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশে অবিলম্বে খালগুলোর ওপর নির্মিত কালভার্ট অপসারণসহ দখল ও ভরাট কার্যক্রম বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়। গতকাল বেলার আইনজীবীরা ধানমন্ডি লেকের দূষণরোধে সংস্থাগুলোকে আরেকটি নোটিশ পাঠিয়েছেন।নোটিশে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সাত দিনের মধ্যে তাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বেলাকে জানাতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিশে আরও বলা হয়, ৪৩টি খালের মধ্যে পূর্ণ মৃত ও অস্তিত্বহীন খালে পরিণত হয়েছে ২২টি এবং মৃত্যুর অপেক্ষায় রয়েছে অবশিষ্ট ২১টি খাল। মৃতপ্রায় এ খালগুলোর অস্তিত্বও আজ হুমকির মুখে। খাল ভরাট করা দেশে প্রচলিত আইনের পরিপন্থী এবং মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সচিব, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসকের বরাবর এই নোটিশ পাঠানো হয়। প্রসঙ্গত, রাজধানীর অনেক খালে কালভার্ট ছাড়াও স্থাপনা ও বহুতল ভবন গড়ে উঠেছে। একাধিক ভবনের মালিক নকশা দেখিয়ে বলছেন, তাঁদের ভবন অনুমোদিত। অথচ সিএস দাগ অনুসারে এসব জায়গা খালের। দখল হয়ে যাওয়া খালগুলোর মধ্যে রয়েছে কল্যাণপুর প্রধান খাল এবং আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ব্রিজ, বাঙলা কলেজের অংশ, কাঁটাসুর খাল, গুলশান-বনানী খালের ক্রসিং ও মাছ চাষের বাঁধ এলাকা, জনপথ থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত সেগুনবাগিচা খাল, পুরোনো বিমানবন্দর রানওয়ের উত্তর পাশ থেকে কচুক্ষেত সড়ক পর্যন্ত ইব্রাহীমপুর খাল, প্রগতি সরণি থেকে সুতিটোলা পর্যন্ত শাজাহানপুর খাল, মান্ডা ও খিলগাঁও-বাসাবো খালের সংযোগস্থল থেকে নন্দীপাড়া সেতু পর্যন্ত জিরানী খাল এবং খিলগাঁও ফ্লাইওভার থেকে পূর্ব বাসাবো হয়ে মান্ডা খালের সংযোগ সড়ক পর্যন্ত খিলগাঁও-বাসাবো খাল।