ঢাকার গণপরিবহন ধূমপানমুক্ত করতে উদ্যোগ
রাজধানীর গণপরিবহন ধূমপানমুক্ত করতে ট্রাফিক পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করে শিগগিরই উদ্যোগ গ্রহণ করা হবে। তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠনগুলোর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলে তিনি এ আশ্বাস দেন। সংগঠনের নেতারা বলেন, বাংলা নববর্ষ মেলা ও মহানগরের সব থানা ধূমপানমুক্তকরণ করে সারা দেশে প্রশংসা অর্জন করেছে। এ সময় থানাগুলোয় ধূমপানমুক্ত ৫০০ সাইনবোর্ড হস্তান্তর করে। মহানগর কমিশনার এ কার্যক্রম বাস্তবায়নে গণপরিবহন ও উন্মুক্ত স্থানে ধূমপানমুক্ত সাইনবোর্ড স্থাপনের ওপর গুরুত্ব দেন। প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মোস্তফা জামান, তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, পরিবেশবিদ আবু নাসের খান, আকরামূল ইসলাম, রফিকুল ইসলাম ও প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের মহাসচিব হেলাল আহমেদ। বিজ্ঞপ্তি।