ঢাকার চার নদীতে দুর্বিষহ দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূষণে জর্জরিত বুড়িগঙ্গা। শিল্পকারখানার বর্জ্যের পাশাপাশি বসতবাড়ি ও হোটেল–রেস্তোরাঁর উচ্ছিষ্টে ভরে গেছে নদীটি। গতকাল ছবিটি তুলেছেন হাসান রাজা
দূষণে জর্জরিত বুড়িগঙ্গা। শিল্পকারখানার বর্জ্যের পাশাপাশি বসতবাড়ি ও হোটেল–রেস্তোরাঁর উচ্ছিষ্টে ভরে গেছে নদীটি। গতকাল ছবিটি তুলেছেন হাসান রাজা

বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু—ঢাকাকে ঘিরে রাখা এই চার নদ-নদীর দূষণের মাত্রা বাড়ছেই। গত তিন বছরে এগুলোর পানির মানের কোনো উন্নতি হয়নি।
পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) তিন বছর ধরে ধারাবাহিকভাবে চার নদ-নদীর বিভিন্ন স্থানের পানির মান পরীক্ষা করে আসছে। পরীক্ষার ফলাফল থেকে দেখা গেছে, পানিতে দ্রবীভূত অক্সিজেন (ডিও) মানের উন্নতি নেই।
পানি জীবের জীবনধারণের কতটা উপযোগী, এর মান নির্ধারণ করা হয় ডিওর মাধ্যমে। জলাধারের প্রতি লিটার পানিতে ডিওর পরিমাণ অন্তত ৫ মিলিগ্রাম না হলে তা জীবনধারণের অনুপযোগী বলে বিবেচিত হয়। পবার গবেষণায় দেখা গেছে, এখন নদীগুলোতে ডিওর মাত্রা বেশির ভাগ জায়গায় ১ মিলিগ্রামের নিচে নেমে এসেছে।
পানি বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকার পাশের নদ-নদীগুলোর দূষণ চরম মাত্রায় পৌঁছেছে। নদ-নদীর দূষণ রক্ষায় যারা কাজ করত, তারা কার্যকর কিছু করতে পারেনি। পবা এই চার নদ-নদীর ১১০ কিলোমিটার পথ ঘুরে পানি তুলে তৎক্ষণাৎ পরীক্ষা করে। এ বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এই পরীক্ষা করা হয়।
নদ-নদীর পানি নিয়ে ২০১৪ সাল থেকেই পরীক্ষার কাজ করছে পবা। পরীক্ষায় দেখা গেছে, ২০১৪ সালের মার্চ মাসে বুড়িগঙ্গা নদীর সদরঘাটে ডিওর পরিমাণ ছিল শূন্য দশমিক ১৫ শতাংশ। পরের বছর এবং চলতি বছরের মার্চ মাসে ডিও আগের মতোই অর্থাৎ শূন্য দশমিক ১৫তেই রয়েছে।
তুরাগ নদের আশুলিয়া বিআইডব্লিউটিএর টার্মিনালে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ডিও ছিল ১ দশমিক ১১ শতাংশ। এ বছর ওই জায়গায় ডিও ছিল শূন্য দশমিক ১৫ শতাংশ।
ঢাকা ওয়াসার দ্বিতীয় শোধনাগারের পানি আসে শীতলক্ষ্যা থেকে। কিন্তু সেই শীতলক্ষ্যার পানি প্রাণহীন। ২০১৪ সালে শীতলক্ষ্যার সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কাছে পানিতে ডিও ছিল শূন্য দশমিক ১৯। এ বছরও তাই রয়েছে।
বালু নদের পরিস্থিতিও অন্যগুলোর মতোই। এ নদের ডেমরা বাজার এলাকায় ২০১৪ সালে ডিও ছিল শূন্য দশমিক ১১ শতাংশ, এ বছর তা দাঁড়ায় শূন্য দশমিক ১২ শতাংশে।
গবেষণা পরিচালনা করেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান। তিনি দূষণের তিনটি উৎসের কথা উল্লেখ করেন। এর প্রধান উৎস হলো পয়োবর্জ্য। ঢাকায় পয়োবর্জ্যের পরিমাণ ১৪ লাখ ঘনমিটার। এর মাত্র ৫০ হাজার ঘনমিটার পরিশোধন হয়, বাকিটা যায় নদীতে। দ্বিতীয় উৎস হাজারীবাগ ট্যানারির ২২ হাজার কিউবিক মিটার তরল বর্জ্য। তৃতীয় উৎস হলো বিভিন্ন কলকারখানার ১ লাখ ২০ হাজার ঘনমিটার বর্জ্য।
বুয়েটের সাবেক অধ্যাপক পানি বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, এখন নদীগুলোর দুরবস্থাকে আর চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। শূন্যের নিচে ডিও থাকা মানে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তাঁর মতে, নদীগুলোর সুরক্ষায় থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত ব্যর্থতাই দূষণের কারণ। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের কেবল পরিসর বেড়েছে, কাজের কাজ কিছু হচ্ছে না।
তবে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কিউ এস আই হাশমী এই অভিযোগ মেনে নিতে রাজি নন। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘নদীদূষণ রোধে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হাজারীবাগ ট্যানারি উঠে গেলে সমস্যা অনেক কমবে।’
হাশমী বলেন, ঢাকার আশপাশের নদীদূষণ রোধে জাইকার সহায়তায় একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে নদীর পরিবেশ ফিরে আসবে।
গত বছরের ৪ অক্টোবর সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের এক সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদীদূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করবে। সেই সমন্বিত কার্যক্রম কতটুকু এগোল—জানতে চেয়ে গতকাল শাজাহান খানের মুঠোফোনে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।