ঢাকার চারদিকে নৌপথ চালুর কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারদিকে নৌপথ চালুর কাজ চলছে। এ প্রকল্পের আওতায় আশুলিয়া থেকে ডেমরা-কাঁচপুর পর্যন্ত নৌপথের উন্নয়ন হবে। ২০১২ সালের জুন মাসে নৌপথ চালুর দ্বিতীয় এ প্রকল্পের কাজ শেষ হবে।জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। বেসরকারি কার্যদিবসে গতকাল বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদ ছিল অনেকটাই প্রাণহীন।নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে (২০০৯-১০) দেশের প্রধান নয়টি নদীবন্দর থেকে ২৯ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। এর মধ্যে সর্বোচ্চ ১২ কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকা আয় হয়েছে ঢাকা নদীবন্দর থেকে। তিনি বলেন, সারা দেশে ২২টি নদীবন্দরের মধ্যে ১১টি নৌবন্দর অতি পুরাতন এবং ১১টি নতুন।নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, গত অর্থবছরে দেশের ১৪টি স্থলবন্দরের মধ্যে চারটি চালু ছিল। এই চারটি বন্দর থেকে ২৫ কোটি ছয় লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ১৪টি স্থলবন্দরের স্টোরেজ ফ্যাসিলিটি আরও উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে।সব উপজেলায় গণগ্রন্থাগার করা হবে: এ বি এম আনোয়ারুল হকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, দেশের প্রতিটি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন করা হবে। ইতিমধ্যে সরকার এ ব্যাপারে একটি পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনার প্রথম পর্যায়ে দেশের ১৫৪টি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপনের কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে।কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমী স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে।