ঢাকার যানজট নিরসন ও ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা মেটাতে মেট্রো রেল বা পাতালরেলপথের বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেট্রো রেল সরকারি অর্থায়নে, নাকি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি অর্থায়নেই হওয়া দরকার। সে ক্ষেত্রে দিল্লির মেট্রো রেল-ব্যবস্থাকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। হোটেল সোনারগাঁওয়ে ‘ঢাকার পরিবহনব্যবস্থা: দিল্লি ও টোকিওর অভিজ্ঞতা’ শীর্ষক কর্মশালায় বক্তারা গতকাল সোমবার এসব কথা বলেন। যোগাযোগ মন্ত্রণালয় ও জাপানি সংস্থা জাইকা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, মেট্রো রেল বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প। কিন্তু জাইকা বলেছে, তারা মেট্রো রেল নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে। মার্চের মধ্যেই জাইকাকে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। অন্যথায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে মেট্রো রেল তৈরির জন্য সরকার দরপত্র আহ্বান করবে বলে তিনি জানান। তিনি বলেন, সরকার তাদের মেয়াদে পাতালরেল ও উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বাস্তবায়নে বড় ধরনের অগ্রগতি চায়। দিল্লি মেট্রো রেল-ব্যবস্থার ব্যবস্থাপনা পরিচালক ই শ্রীধরণ বলেন, সাধারণত মেট্রো রেলে বেসরকারি অর্থায়ন পাওয়া যায় না। সে ক্ষেত্রে সরকার ঋণ-সহায়তা নিয়ে মেট্রো রেল করতে পারে; ট্রেন পরিচালনার দায়িত্ব দিতে পারে বেসরকারি উদ্যোক্তাদের। বিকল্প পথ হচ্ছে, দিল্লির মতো রেলপথ নির্মাণ ও পরিচালনা দুটোই সরকারের নিয়ন্ত্রণাধীন রাখতে পারে। তিনি মেট্রো রেলের খরচ কমানোর জন্য পুরোটা মাটির নিচে না করে সুবিধামতো মাটির ওপরেও রেলপথ করার পরামর্শ দেন। মাটির নিচের মেট্রো রেলে মাটির ওপরের মেট্রো রেল থেকে আড়াই গুণ খরচ বেশি বলে তিনি জানান। যোগাযোগসচিব মোজাম্মেল হক খান বলেন, বড় এবং দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করতে হয়—এমন প্রকল্প সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বাস্তবায়ন করতে চায় সরকার। যেসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে, সেগুলো সরকারি অর্থায়নে করা হবে। পরিবহন বিশেষজ্ঞ রহমত উল্লাহ বলেন, ঢাকার ভবিষ্যত্ নগরায়ণ মেট্রো রেলের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে। তা না হলে এর সুফল পাওয়া যাবে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক আলমগীর মুজিবুল হক বলেন, ঢাকার কিছু এলাকায় দৈনিক ৪০-৫০ হাজার ট্রিপ (মানুষ যাতায়াত করে) হয়। এই এলাকাগুলোতে মেট্রো রল ছাড়া কোনোভাবেই চাহিদা মেটানো যাবে না। তাই কম খরচে কীভাবে মেট্রো রেল করা যায়, সেই পথ খুঁজে বের করতে হবে। সভাপতির বক্তব্যে জামিলুর রেজা চৌধুরী বলেন, ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুমোদনের দুই বছর পর সত্যিকার অর্থে এখন কিছু কিছু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়ন আরও দ্রুত করতে হবে। স্বাগত বক্তব্যে বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি টাকাও টোডা ঢাকায় একটি পথে মেট্রো রেল করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।কর্মশালায় আরও বক্তব্য দেন সেতু বিভাগের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া, জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারুমিতসু হিদা, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মশিউর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক এস এম সালেহউদ্দিন। টোকিওর মেট্রো রেল-ব্যবস্থার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন সুচি ইয়াহাগি ও কাজুইকি ফুজি।