ঢাকার দুই সিটিতে নির্বাচন না হওয়ায় ক্ষোভ
স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সদস্যরা বলেছেন, উন্নয়নের জন্য ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয়েছে। মেয়রকে বিদায় করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু বর্তমানে ঢাকার দুই সিটির সেবার মান মেয়রের আমলের চেয়েও খারাপ।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির এ সভা হয়। সভাসূত্র জানায়, কমিটির সদস্যরা ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করার ব্যাপারে উদ্যোগ না নেওয়ায় সরকারের সমালোচনা করেন। কমিটির সদস্য স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত আলোচনা বেশি দূর এগোয়নি। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ১০ অক্টোবরের বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনের আয়-ব্যয়ের হিসাবসহ সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে। বৈঠকে ঢাকা সিটি করপোরেশনের প্রসঙ্গটি উত্থাপন করেন রহমত আলী।বৈঠক শেষে কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, নগরবাসীকে দেওয়া সেবার মান উন্নত করার জন্য ঢাকা সিটিকে দুই ভাগ করা হয়েছে। কিন্তু সেই সেবার মান যদি মেয়রের সময়ের চেয়ে ভালো না হয়, তা হলে ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করে কী লাভ হলো? সেবার মান বাড়ানোর জন্য দ্রুত ঢাকার দুই সিটিতে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। সে জন্য যেসব প্রতিবন্ধকতা আছে, সেগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে।গত বছরের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে জাতীয় সংসদে আইন পাস হয়। এরপর মেয়র সাদেক হোসেন খোকার বদলে দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। আইনে সিটি করপোরেশন গঠনের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে। কিন্তু ভোটার তালিকা হালনাগাদ এবং ওয়ার্ডের সীমানাবিন্যাস না করায় আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সভায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) গাজীপুর ও গোপালগঞ্জ জেলার দুগ্ধ শীতলীকরণ কারখানার দুগ্ধ সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সভায় জানান, বর্তমানে মিল্ক ভিটা একটি কার্যকর প্রতিষ্ঠান। ২০১১-১২ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৩ কোটি টাকা মুনাফা করেছে।এ ছাড়া সভায় ‘সমবায় সমিতি (সংশোধন) বিল, ২০১২’ পর্যালোচনা করে তা প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়।কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন ও আশরাফুন নেছা মোশারফ অংশ নেন।