ঢাকার নওয়াব পরিবারের বৈঠক
ঢাকার নওয়াব পরিবার সম্প্রতি বৈঠকে বসেছিল গুলশানের এক রেস্তোরাঁয়। বহু বছর পরে নওয়াব স্যার সলিমুল্লাহর উত্তরসূরিরা এক জায়গায় মিলিত হন। এখন থেকে নিয়মিত বসবেন, একসঙ্গে নওয়াব সলিমুল্লাহর জন্মদিন পালন করবেন, নওয়াবের রেখে যাওয়া বিপুল সহায়-সম্পত্তির দেখাশোনা করবেন—এমনই ইচ্ছা তাঁদের।
বৈঠক সম্পর্কে নওয়াব পরিবারের একজন মুখপাত্র মো. রেজওয়ান সিদ্দিক বলেন, নওয়াব স্যার সলিমুল্লাহর উত্তরসূরি নন এমন লোকজনও নিজেদের উত্তরসূরি দাবি করছেন। কোনো কোনো জায়গায় তাঁরা নওয়াব পরিবারের সহায়-সম্পত্তি ভোগদখল করছেন। তাঁদের কথায় মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এমনকি নওয়াবের উত্তরসূরি না হয়েও সাভারে নওয়াবদের জমি বিক্রির জন্য এঁরা আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চালিয়েছেন।
৬ নভেম্বর বেলা সাড়ে তিনটায় আয়োজিত বৈঠকটিতে সভাপতিত্ব করেন খাজা জাকি আহসানউল্লাহ। তাঁকে সহযোগিতা করেন ফারহানা ইব্রাহিম, কে এম হারিস আদিল, রাফি ওমর, জেবা খান ও আমির ভাদুড়ি। আরও উপস্থিত ছিলেন খাজা ওমর ওয়াসিউদ্দিন, কে এম আসাদ, খুরশিদ জাহান, জে আর খান ও শাহ সৈয়দ বদরুল বারি।
নওয়াব পরিবারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওয়াবের সম্পত্তির বর্তমান উত্তরাধিকার নয়জন। এঁরা হলেন: নওয়াব খাজা স্যার সলিমুল্লাহর উত্তরসূরি জেবা এ খান, নওয়াবজাদা খাজা আতিকুল্লাহর উত্তরসূরি ফারহানা ইব্রাহীম, নওয়াবজাদা আমেনা বানুর উত্তরসূরি আমির ভাদুড়ি, নওয়াবজাদা বিলকিস বানুর উত্তরসূরি খাজা ওমর ওয়াসিউদ্দিন, নওয়াবজাদি আখতার বানুর উত্তরসূরি খুরশীদ জাহান, নওয়াবজাদি বাদশাহ বানুর
উত্তরসূরি খাজা জাকি আহসানউল্লাহ, নওয়াবজাদি পরী বানুর উত্তরসূরি জে আর খান এবং খোদাইজা বেগমের উত্তরসূরি শাহ সৈয়দ বদরুল বারি।
এখন থেকে নয়জনের এই কমিটি নিয়মিত বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তি।