ঢাকার পরীবাগে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর পরীবাগে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন (৩০)। তিনি রাজধানীর গাউছিয়া মার্কেটে কাপড় বিক্রেতা হিসেবে কাজ করতেন। স্ত্রীকে নিয়ে তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।

নিহত মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী।

এসআই চম্পক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, শাহবাগের পরীবাগ পেট্রল পাম্পের সামনে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন মহিউদ্দিন ও তানভীর। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মহিউদ্দিনের বড় ভাই ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন। গভীর রাতে খবর পান, তাঁর ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।