বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ না নেওয়ায় রাজধানীর পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামীকাল বুধবার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাঁচ ওসি হলেন কোতোয়ালি থানার সালাউদ্দিন খান, হাজারীবাগের এনামুল হক, লালবাগের মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচরের শফিকুল ইসলাম ও ডেমরার মাহাবুব হোসেন। জানা যায়, বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ ৪ মে রুল জারি করেন। এতে দূষণ রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। বুড়িগঙ্গা নদীতে থাকা পয়োনিষ্কাশন পাইপগুলো বন্ধের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চান আদালত। চার সপ্তাহের মধ্যে শিল্প ও স্বরাষ্ট্রসচিব, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়। এ ছাড়া অন্তর্বর্তীকালীন নির্দেশনায় আদালত বুড়িগঙ্গা নদীতে যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করতে ডেমরা, লালবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালি ও হাজারীবাগ থানার পুলিশের ওসিকে নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগে এইচআরপিবির এক সদস্যের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল আদালতে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আদালত বুড়িগঙ্গা নদী ও পরিবেশ রক্ষায় নদীতে বর্জ্য ফেলা বন্ধে নদীর তীরে পুলিশ মোতায়েন করতে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশনা বাস্তবায়িত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে অবহিত হওয়ার পরও তা বাস্তবায়ন করেননি, যা আদালত অবমাননার সামিল। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার আরজি জানান তিনি। শুনানির পর আদালত আদেশ দেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম।