ঢাকার পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযানে ম্যাজিস্ট্রেট পাচ্ছে না জেলা প্রশাসন
রাজধানী ঢাকা থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার লক্ষ্যে বিশেষ অভিযান চালানোর জন্য ম্যাজিস্ট্রেট পাচ্ছে না ঢাকা জেলা প্রশাসন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুরোধে সংস্থাপন মন্ত্রণালয় ঢাকা জেলা প্রশাসনের অধীনে ১৫ জন ম্যাজিস্ট্রেট ন্যস্ত করলেও একজন বাদে কেউ কাজে যোগ দেননি। ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মুহিবুল হক বলেন, ১৪ জন ম্যাজিস্ট্রেট যোগ না দেওয়ায় অভিযান চালাতে দেরি হচ্ছে। বিষয়টি লিখিতভাবে সংস্থাপন মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ম্যাজিস্ট্রেট পাওয়ার পর অভিযান চালানো হবে।পুরোনো গাড়ি রাখার জায়গা নেই, এতদিন এমন অজুহাত ছিল পুলিশেরও। তাদের দাবি অনুযায়ী কাঁচপুর সেতুর পূর্ব পাড়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের তিন একর জায়গার ওপর একটি ডাম্পিং স্টেশন করা হয়েছে। স্টেশনের চারপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরেও রাখা হয়েছে। সম্প্রতি বিআরটিএ ঢাকায় চলাচল করছে এমন ৮০ হাজার ৬১৫টি ফিটনেসবিহীন যানবাহনের তালিকাও পুলিশের কাছে পাঠিয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশের চাহিদামতো সব ব্যবস্থাই করা হয়েছে। এখন পুরোনো যানবাহন উচ্ছেদে পুলিশের আর কোনো বাধা নেই। বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার বলেন, বিআরটিএর দুজন ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাঁরাও পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করবেন। তবে সংস্থাপন থেকে দেওয়া ম্যাজিস্ট্রেটদের জন্য প্রয়োজনীয় গাড়ি, আনুষঙ্গিক সরঞ্জাম না থাকায় তাঁরা জেলা প্রশাসনের অধীনে অভিযান চালাবেন। জানা গেছে, ১১ মে ঢাকা থেকে পুরোনো ফিটনেস-বিহীন যানবাহন তুলে দেওয়ার বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠক হয়। সেখান থেকেই বিআরটিএর পক্ষ থেকে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে আবেদন জানানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে পুলিশের পক্ষ থেকে ফিটনেস-বিহীন যানবাহনের তালিকা সরবরাহ ও নতুন ডাম্পিং স্টেশন করার প্রস্তাব দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বিআরটিএ ফিটনেসবিহীন যানবাহনের তালিকা দিয়েছে পুলিশকে। যোগাযোগ মন্ত্রণালয় সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় ডাম্পিং স্টেশনও তৈরি করে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক বিভাগ) সফিকুর রহমান বলেন, ডাম্পিং স্টেশন এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। এটা পেলে আরও জোরদার অভিযান চালানো হবে। তিনি বলেন, পুরোনো গাড়ি আটক করে রাখার জায়গা ছিল না তাঁদের। তাই ধরেই ছেড়ে দিতে হয়েছে। এখন ছাড়া হবে না। সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন জানান, ডাম্পিং স্টেশন তৈরি আছে। যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তা শিগগিরই হস্তান্তর করা হবে।