ঢাকার পয়োনিষ্কাশনের উন্নয়নে একনেকে প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নে গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৮৩ কোটি ৮৯ লাখ টাকার নতুন একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পের আওতায় মহানগরের মোহাম্মদপুর, মগবাজার, নারিন্দা, গ্রিনরোড ও কাটাসুরসহ ২০টি স্থানে পয়োলাইন বসানোর কাজ হবে।উল্লেখ্য, রাজধানীর ৭০ ভাগ এলাকায়ই ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন লাইন (স্যুয়ারেজ) নেই।একনেকে অনুমোদিত প্রকল্পটির আওতায় অন্তর্বর্তীকালীন ও জরুরি পয়োলাইন নির্মাণ ও সংস্কার করা হবে। নতুন ২১ দশমিক ৩০ কিলোমিটার লাইন নির্মাণ ও ৩৭ দশমিক ২৫ কিলোমিটার লাইন পুনর্নির্মাণ করা হবে।ওয়াসা সূত্র জানায়, ২০১২ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের অধীনে ছয়টি স্যুয়ারেজ পাম্প স্থাপন ও একটি পাম্প পুনরায় স্থাপন করা হবে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের আওতায় ১৮ ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন মাপের পাইপ বসানো হবে। তিনি বলেন, এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ঢাকা ওয়াসা ১৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে অন্তর্বর্তীকালীন জরুরি পয়োলাইন নির্মাণ ও পুনর্বাসনকাজ শেষ করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্রমতে, ব্যক্তিগত উদ্যোগে অভ্যন্তরীণ কিছু লাইন হলেও রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা এখনো পয়োলাইনের আওতার বাইরে। লাইন না থাকায় নর্দমা এবং খালপথে পয়োবর্জ্য যাচ্ছে ঢাকার চার পাশের নদীগুলোয়।প্রায় ৪০ বছর আগে নির্মিত পয়োলাইনের অনেক স্থানে ফাটল ধরেছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, ঢাকা মহানগরকে পয়োবর্জ্যজনিত দূষণ থেকে রক্ষা করতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় একটি মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) করা হবে। তাকসিম এ খান বলেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এই মহাপরিকল্পনা হবে এবং এর আলোকে ওয়াসা বাকি পয়োলাইন স্থাপন করবে। লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ১০০ কিলোমিটার। মহাপরিকল্পনার কাজে বিদেশি পরামর্শকও নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান। জানা গেছে, বিশ্বব্যাংকের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে দুই থেকে তিন বছর সময় লাগবে।