ঢাকার ফাঁকা রাস্তায় প্রাইভেট কারের ধাক্কা, ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ফাঁকা রাস্তায় প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ফকিরাপুলে ওই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে চারটার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম খোকন (৪৫)। তিনি পেশায় ভ্রাম্যমাণ শাড়ি বিক্রেতা (হকার)। নিহত ব্যক্তি রাজধানীর গেন্ডারিয়া ধূপখোলা এলাকায় এক সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন।

ঘটনার সময় রফিকুলের সঙ্গে থাকা আসলাম নামের এক যুবক প্রথম আলোকে বলেন, গুলিস্তান থেকে তাঁরা রিকশায় করে মুগদায় যাচ্ছিলেন। রিকশাটি ফকিরাপুল কালভার্ট রোড পার হওয়ার পরপর, পেছন থেকে কালো রঙের একটি দ্রুতগামী প্রাইভেট কার রিকশায় ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পরেন।

আসলাম জানান, পরে তিনি নিজেই প্রাইভেট কারটি ধাওয়া দেন। তবে সেটি পালিয়ে যায়। পরে রফিকুলকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আসলাম আরও বলেন, কালো রঙের প্রাইভেট কারটি পেছন দিকের কাচ ভাঙা ছিল। ঘটনার সময় অন্যান্য দিনের তুলনায় ওই এলাকাটি প্রায় ফাঁকা ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ পাড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।