ঢাকার ফুটওভারব্রিজ থেকে ব্যানার ও বিলবোর্ড সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন ফুটওভারব্রিজ থেকে ব্যানার, পোস্টার ও বিলবোর্ডগুলো সরানোর জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বুধবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশ দেন। নগরবাসীর নিরাপদ পারাপার নিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হয় বলে তিনি জানান। বর্তমানে ঢাকায় অর্ধশতাধিক ফুটওভারব্রিজ রয়েছে। আরও কয়েকটি নির্মাণাধীন। কিন্তু এই ফুটওভারব্রিজগুলোর দুই পাশ বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুনে ঢাকা। রাজধানীর ফার্মগেটের ফুটওভারব্রিজে তাকালে অনেক কোচিং সেন্টারের ব্যানার-ফেস্টুন দেখা যায়। এগুলোতে অনেক সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছাড়া অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে। এ জন্য এগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়। এর আগেও একাধিকবার এসব ব্যানার-ফেস্টুন সরানোর উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবার এই নির্দেশ কঠোরভাবে মানার জন্য দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল থেকেই এই নির্দেশ পালনের কথা বলে জানা গেছে। এই কার্যক্রম মন্ত্রণালয় থেকে তদারকি করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রমতে, ঢাকার আন্ডারপাসগুলোও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে ঢাকায় তিনটি আন্ডারপাসের মধ্যে শুধু কারওয়ান বাজারের আন্ডারপাস দিয়ে মানুষ পারাপার হতে পারে। গুলিস্তান ও গাবতলীর আন্ডারপাস হকার ও দোকানদারদের দখলে। এ জন্য এগুলো দিয়ে মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারে না। তাই এগুলোও দখলমুক্ত করা হবে।উল্লেখ্য, এর আগে রাজধানীর ফুটপাতগুলো থেকে রাজনৈতিক সংগঠনের কার্যালয়সহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেটি ঠিকমতো বাস্তবায়িত হয়নি। এখনো বিভিন্ন রাস্তার পাশে রাজনৈতিক সংগঠনের কার্যালয়সহ অবৈধ স্থাপনা দেখা যায়।