ঢাকার বাজারে চিনির দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুদিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে চিনির দাম কেজিপ্রতি দুই টাকা কমেছে। পাইকারি বাজারে সরবরাহ আদেশ (ডিও) ও চিনির দামের ব্যবধান মণপ্রতি প্রায় ৬৫ থেকে ৭০ টাকা কমে যাওয়ায় দাম কমেছে।পুরান ঢাকার নয়াবাজারের খুচরা চিনি-ব্যবসায়ী আবুল কালাম জানান, দুদিন ধরে তাঁদের বাজারে প্রতি কেজি চিনি ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগেও প্রতি কেজি চিনি ৫০ টাকায় বিক্রি হয়েছে। তিনি বলেন, পাইকারি বাজারে দাম কিছুটা কমে যাওয়ায় তাঁরাও কম দামে বিক্রি করতে পারছেন।গত সোমবার রাজধানীর মৌলভীবাজারে প্রতি মণ চিনির সরবরাহ আদেশ বিক্রি হয়েছিল এক হাজার ৫২০ টাকায়। আর চিনি বিক্রি হয়েছিল এক হাজার ৭০০ টাকায়। মণপ্রতি চিনিতে দামের ব্যবধান ছিল ১৮০ টাকা। এ কারণে বাজারে চিনির দাম বেড়ে যায়। বর্তমানে প্রতি মণ সরবরাহ আদেশ এক হাজার ৪৯০ থেকে এক হাজার ৫১৫ টাকা এবং চিনি বিক্রি হয়েছে এক হাজার ৫৮০ থেকে এক হাজার ৫৯০ টাকায়। দামের এই ব্যবধান কমে যাওয়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে।পুরান ঢাকার মৌলভীবাজারের চিনি-ব্যবসায়ীরা জানান, রোজায় চিনির বাজার স্থিতিশীল থাকবে। কারণ, যাঁদের সরবরাহ আদেশ কেনা ছিল, তাঁদের প্রত্যেকেই চিনি মিল থেকে তোলা শুরু করেছেন।এ বাজারের চিনি-ব্যবসায়ী আবুল হাসেম প্রথম আলোকে বলেন, যাঁরা সরাসরি মিল থেকে চিনি কিনছেন, তাঁরা এ মুনাফা ভোগ করছেন। আর যাঁরা সরবরাহ আদেশ বিক্রি করছেন, তাঁরা বেশি লাভবান হতে পারেননি। তিনি বলেন, রোজা উপলক্ষে একশ্রেণীর মৌসুমি ব্যবসায়ীর আবির্ভাব ঘটে। এরা বিপুল পরিমাণ চিনি মজুদ রেখে সুবিধা অনুযায়ী বিক্রি করে।মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রথম আলোকে বলেন, সারা দেশে খুচরা ও পাইকারি পর্যায়ে প্রায় পাঁচ লাখ চিনির দোকান রয়েছে। প্রতিবছর রোজায় চিনির চাহিদা বেড়ে যায়। এ কারণে অনেকেই কম-বেশি মজুদ করে থাকে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে চিনির দাম বেশি। ধারণা করা হচ্ছে, দেশের কয়েকটি স্থান দিয়ে পার্শ্ববর্তী দেশে চিনি চলে যাচ্ছে।সিটি গ্রুপের মালিক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও চট্টগ্রামের মিলে দৈনিক এক হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হচ্ছে। প্রতিদিন ১০০ গাড়ি চিনি সরবরাহ দেওয়া হচ্ছে। তিনি বলেন, উৎপাদন ও সরবরাহ ২৪ ঘণ্টাই বিরামহীনভাবে চলছে।