ঢাকার সবুজবাগে চা–দোকানিকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে জহির মুন্সি (২৭) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি পেশায় চা–দোকানদার।

পুলিশ জানায়, সবুজবাগের কদমতলার খালপাড় থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জহিরের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় নাজমুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি এখনো হত্যার কথা স্বীকার করেননি।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল বাশার প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন নাজমুলকে আটক করে থানায় সোপর্দ করেছেন। জহির মুন্সিকে তিনি খুন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি এখনো বিষয়টি স্বীকার করেননি।
পরিদর্শক আমিনুল জানান, পাওনা টাকা নিয়ে জহির ও নাজমুলের বিরোধ ছিল। এর জেরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

জহিরের ভগ্নিপতি আবদুল মতিন প্রথম আলোকে বলেন, দুই বছর আগে একই বাসায় ভাড়া থাকতেন জহির ও নাজমুল। বাসাভাড়ার সাত হাজার টাকা না দিয়ে অন্য জায়গায় চলে যান নাজমুল। ওই টাকা পরিশোধ করেন জহির। কয়েক দিন আগে নাজমুলের সঙ্গে জহিরের দেখা হলে পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরেই চায়ের দোকান থেকে জহিরকে ডেকে নিয়ে ‘হত্যা করেন’ নাজমুল। ঘটনার সময় নাজমুলের সঙ্গে তাঁর ভগ্নিপতিও ছিলেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আবদুল মতিন আরও জানান, জহির চাঁদপুর সদরের সাকুয়া গ্রামের মোকলেছ মুন্সির ছেলে। তিনি কদমতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।