ঢাকার সরকারি স্কুলে ভর্তি ফরম বিতরণ ১ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ফরম অনলাইনে বিতরণ শুরু হবে ১ ডিসেম্বর। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। আর সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ে ডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে গঠিত কমিটি ফরম বিতরণ ও ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করবে। তবে ডিসেম্বরের মধ্যেই ভর্তির কাজ শেষ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সরকারি মাধ্যমিক) সাখায়েত বিশ্বাস প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার মাউশিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নিয়ে সভা হয়। এর আগে গত মঙ্গলবার রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তারিখ ঠিক করা হয়।

রাজধানীতে ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ করে তিন দিনে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর। ওই ৩৫টি বিদ্যালয়ের মধ্যে ১৪টিতে প্রথম শ্রেণি চালু আছে। এগুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি হবে ২৬ ডিসেম্বর। আর নবম শ্রেণিতে ভর্তি হবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

ঢাকার যে ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, সেগুলো হলো আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, ধানমন্ডি গভ. বয়েজ উচ্চবিদ্যালয়, তেজগাঁও বালক উচ্চবিদ্যালয়, তেজগাঁও বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল বালক উচ্চবিদ্যালয়, খিলগাঁও সরকারি হাইস্কুল, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও গণভবন সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে আসন প্রায় দেড় হাজার। প্রথম শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীর বয়স জানুয়ারিতে ছয় বছরের বেশি হতে হবে।