ঢাকার সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া ও জলবায়ু গবেষণা–বিষয়ক দক্ষিণ এশীয় সংস্থা সার্ক মেট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার (এসএমআরসি) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই সংস্থাকে আগামী ৩১ ডিসেম্বর থেকে বিলুপ্ত করছে সার্ক সচিবালয়।
আজ সোমবার ও কাল মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে এসএমআরসির ভবিষ্যৎ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে সংস্থাটি বিলুপ্ত হলে এর স্থাবর ও অস্থাবর সম্পত্তির ব্যাপারেও ফয়সালা হবে। সংস্থাটির কোন কোন সম্পত্তি কোন কোন সংস্থার কাছে যাবে, তা নির্ধারণ করা হবে।
তবে ওই সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত ২৬ জন বিজ্ঞানীর ভবিষ্যৎ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হওয়ায় তাঁরা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আবহাওয়া ও জলবায়ু নিয়ে দীর্ঘদিন গবেষণা করা এই বিজ্ঞানীরা এ জন্য আজ সকাল ১০টা থেকে সংস্থার আগারগাঁও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
এসএমআরসির পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘এই প্রতিষ্ঠান বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন নিয়ে ২১ বছর ধরে মৌলিক গবেষণা করছে। কিন্তু সার্ক সচিবালয় কেন এমন সফল একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে চাইছে, তা আমি বুঝতে পারছি না। ওই ২৬ জন বিজ্ঞানীকে সরকারের উচিত কাজে লাগানো। তাঁদের দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ওপর গবেষণা করানো।’
এসএমআরসি সূত্র বলেছে, সংস্থাটি থেকে এ পর্যন্ত ৬৮টি আন্তর্জাতিক মানের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষণা হয়েছে। এসব গবেষণার ফলাফল ৮৬টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। দেশ-বিদেশের প্রায় এক হাজার বিজ্ঞানী ও গবেষক এই সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, শৈত্যপ্রবাহ, দাপদাহ, শহরের তাপমাত্রা বৃদ্ধির ধরন, বজ্রপাতসহ বিভিন্ন বিষয় নিয়ে এখানকার বিজ্ঞানীরা গবেষণা করেছেন।
ওই ২৬ বিজ্ঞানীর সংগঠন মুভমেন্ট ফর রিহেবিলিটেশন অব এসএমআরসি স্টাফসের আহ্বায়ক মল্লিক মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ২৬ জন বিজ্ঞানীর মধ্যে তিনজন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ওপর পিএইচডি শেষ করেছেন। আরও তিনজন পিএইচডি গবেষণা করছেন। বাকি সবারই দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে মৌলিক গবেষণা রয়েছে। সরকারের উচিত দেশের একমাত্র এই আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠানকে অন্য কোনোভাবে চালু রাখা। সরকার যেন সেই উদ্যোগ নেয়, সে জন্য আমরা আন্দোলন করছি।’
সার্ক সচিবালয়ের উদ্যোগে ১৯৯৫ সালের ২ জানুয়ারি এসএমআরসি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি আগামী ডিসেম্বরের পর থেকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের (এসডিএমসি) অন্তর্ভুক্ত হবে।