ঢাকার সেগুনবাগিচায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর সেগুনবাগিচায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার গাড়ি মেরামত কারখানায় থাকা গাড়ির মধ্যে থেকে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তাঁদের মৃত্যু হয়।

ওই দুই ব্যক্তি হলেন রাকিব শেখ ও সিয়াম হোসেন। রাকিবের গ্রামের বাড়ি ফরিদপুরে। আর সিয়ামের বাড়ি কুমিল্লায়। তাঁরা ওই গাড়ি মেরামত কারখানায় কাজ করতেন। রাতে কারখানার গ্যারেজে রাখা গাড়িতে ঘুমাতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাকিব ও সিয়াম গতকাল সোমবার রাতের খাবার খেয়ে গ্যারেজে গাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন। আজ মঙ্গলবার সকালে তাঁদের অচেতন অবস্থায় পাওয়া যায়।

রাকিবের ভাই রামিম খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে তাঁদের আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দুজনের লাশ মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানায় ঘটনাটি জানানো হয়েছে।